তপ্ত দুপুরে মাঠেই ঝরল শ্রমিকের প্রাণ: মনিরামপুরে শোকের ছায়া
মনিরামপুর (যশোর) সংবাদদাতা: মাথার ওপর বৈশাখের তপ্ত সূর্য। নিচে তপ্ত মাঠ। সোনালি ধান ঘরে তোলার স্বপ্ন নিয়ে ভোরেই মাঠে নেমেছিলেন মান্নান শেখ (৫০)। কিন্তু সেই স্বপ্ন আর ঘরে ফেরা হলো না তার। প্রচ- গরমে ধান বহন করতে গিয়ে মাঠেই ঢলে পড়লেন তিনি। মুহূর্তেই আনন্দঘন ধান কাটার উৎসব রূপ নিল বিষাদে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার হানুয়ার-কোমলপুর মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মান্নান শেখ চালুয়াহাটি ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত হাতেম শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোমলপুর গ্রামের সামাদ হোসেনের জমির পাকা ধান ঘরে তুলতে রাজগঞ্জ বাজার থেকে মান্নানসহ চারজন শ্রমিক ভাড়া করা হয়েছিল। ভোর থেকেই তারা কর্মচঞ্চল ছিলেন। সকাল ১০টার দিকে রোদের তীব্রতা বাড়লে জমির মালিক তাদের বিশ্রামের অনুরোধ জানান। কিন্তু কাজ দ্রুত শেষ করার তাড়নায় শ্রমিকেরা বিশ্রামে না গিয়ে আবারও কাজে নামেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে ধানের বোঝা বহন করে নিয়ে যাওয়ার সময় একটি আটি আইলের সীমানা খুঁটির সঙ্গে আটকে যায়। এতে ভারসাম্য সামলাতে না পেরে প্রচ- চাপে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন মান্নান। সহকর্মীরা ছুটে আসার আগেই নিস্তেজ হয়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সহকর্মী ও স্থানীয়দের ধারণা, কয়েক দিনের টানা তাপদাহ আর প্রখর রোদে দীর্ঘক্ষণ কাজ করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। অতিরিক্ত গরমে ‘হিট স্ট্রোক’ করেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে নিহতের স্বজনরা মাঠে এসে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। জীবিকার সন্ধানে বের হওয়া মানুষটির নিথর দেহ যখন গ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পুরো রসুলপুর গ্রাম স্তব্ধ হয়ে পড়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।
এলাকাবাসী ও সচেতন মহল এই প্রচ- গরমে খেটে খাওয়া মানুষদের কাজের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের এবং প্রয়োজনে কর্মঘণ্টা পরিবর্তনের দাবি জানিয়েছেন।











