তরুণীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড
বদিউজ্জামান: সাতক্ষীরায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টার পর অপমান ও মানসিক যন্ত্রণার ঘটনায় তাঁর মৃত্যুর মামলায় মো. আ. আলিম (৩২) নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আ. আলিম সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের মো. সোহরাব আলীর ছেলে।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ধলবাড়িয়া গ্রামের ময়না খাতুনের তালাকপ্রাপ্তা মেয়ে লিপি খাতুন (২১) শিশুসন্তানকে নিয়ে মায়ের বাড়িতে বসবাস করতেন। প্রতিবেশী আ. আলিম তাঁকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।
২০১৭ সালের ২১ আগস্ট দুপুরে বাড়িতে একা থাকার সুযোগে আ. আলিম ঘরে প্রবেশ করে লিপি খাতুনকে ধর্ষণের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। ওই দিন সন্ধ্যায় লিপি খাতুনের মৃত্যুর ঘটনা ঘটে।
এ ঘটনায় তাঁর মা মোছা. ময়না খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(ক) ধারায় মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আ. আলিমকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কামরুজ্জামান ভুট্টো।









