বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে তালা উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে একশনএইড বাংলাদেশের সহযোগিতায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন উপলক্ষে সকালে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

ভূমিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা ও সুশীল প্রকল্প-একশনএইডের প্রজেক্ট ম্যানেজার মৌসুমী বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুল নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, সমতা ফোরাম ও সিএসও হাবের সভাপতি আনিছুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ারদার এবং তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার প্রমুখ।

এ সময় শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সমতা ফোরাম ও সিএসও হাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্মেলনে নারীর অধিকার ও ক্ষমতায়ন বিষয়ক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন জরুরি। তারা নারীদের জন্য বরাদ্দকৃত বিশেষ তহবিলের স্বচ্ছ ও সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের সকল পর্যায়ে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

Ads small one

গাজী নজরুলের এমপি পদ কি থাকছে?

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
গাজী নজরুলের এমপি পদ কি থাকছে?

নৈতিক স্খলনজনিত কারণে অবশেষে বহিষ্কার হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

বুধবার (২২ জুলাই) বিকালে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়৷ গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি। তবে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ থাকবে কিনা, এ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। যদি না থাকে, তাহলে ওই আসনে নতুন করে ভোট হতে পারে।

 

এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তফা শাকের উল্লাহ বলেন, কোনও ঘটনার ভিডিও ভাইরাল হওয়া, নৈতিক বিতর্ক তৈরি হওয়া, সামাজিক মাধ্যমে সমালোচনা বা অভিযোগ ওঠার কারণে সংসদ সদস্যপদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার বিধান নেই।

সংবিধানে এমন কোনও অনুচ্ছেদ নেই যেখানে শুধু অভিযোগ বা নৈতিক সমালোচনার ভিত্তিতে সরাসরি সদস্যপদ বিলুপ্তি হবে।

তবে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যপদ শূন্য হয় যদি কোনও সদস্য যে রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত হয়েছেন, সেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন, অথবা সংসদে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন।

তিনি বলেন, দলীয় বহিষ্কার বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলে ৭০ অনুচ্ছেদের অধীনে স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্যপদ বাতিল হওয়ার সুযোগ নেই।

তবে ফৌজদারি মামলায় তিনি যদি এমনভাবে দণ্ডিত হন, যাতে সংবিধানের ৬৬ অনুচ্ছেদ ও প্রাসঙ্গিক আইনের অধীনে তিনি সংসদ সদস্য থাকার অযোগ্য হয়ে পড়েন, তখন বিষয়টি সাংবিধানিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে। আসন শূন্য হওয়ার প্রশ্ন দেখা দিলে সংবিধানের ৬৭(২) অনুযায়ী বিষয়টি রাষ্ট্রপতির নিকট যাবে এবং রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের মতামত গ্রহণ করে সিদ্ধান্ত দেবেন।

এ ক্ষেত্রে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ আইনগত ও সাংবিধানিকভাবে স্বয়ংক্রিয়ভাবে ঝুঁকির মুখে নয়। দল তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত, এমনকি বহিষ্কারের সিদ্ধান্ত নিলেও, শুধু সেই কারণে তার সংসদ সদস্যপদ বাতিল হবে না। তবে তিনি যদি নিজে দল থেকে পদত্যাগ করেন (সংবিধানের ৭০ অনুচ্ছেদ), অথবা পরবর্তীকালে এমন কোনও আইনগত পরিস্থিতি সৃষ্টি হয়— যাতে তিনি সংবিধানের ৬৬ অনুচ্ছেদ ও প্রযোজ্য আইনের অধীনে সংসদ সদস্য থাকার অযোগ্য হয়ে পড়েন, তাহলে সংবিধানে নির্ধারিত প্রক্রিয়ায় তার সদস্যপদের প্রশ্ন নিষ্পত্তি হবে জানান ব্যারিস্টার শাকের।

এর আগে বুধবার দুপুরে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের দলীয় সংসদ সদস্য গাজী নজরুলের বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত অভিযোগে দল থেকে বহিষ্কার হলেও তার এমপি পদ থাকবে কিনা— জানতে চাইলে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বাংলা ট্রিবিউনকে জানান, দল থেকে বহিষ্কার হলেই গাজী নজরুল ইসলামের এমপি পদ যাবে না। যদি তিনি অপরাধী হয়ে থাকেন, তাহলে আদালত সেটি দেখবে। এরপর ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

তবে তার দল থেকে পদত্যাগ করলে, আসনটি শুন্য ঘোষণা হবে। সে ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে বলে জানান চিফ হুইপ।

গাজী নজরুলের এমপি পদ থাকছে না, বললেন শিশির মনির

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
গাজী নজরুলের এমপি পদ থাকছে না, বললেন শিশির মনির

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর থেকে আলোচনা শুরু হয়েছে— তার সংসদ সদস্য পদ থাকছে কিনা। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেছেন— তার (গাজী নজরুল) সংসদ সদস্য পদ থাকছে না।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমন মন্তব্য করেছেন শিশির মনির।

এর আগে বুধবার বিকালে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।


তারপরেই শিশির মনির নিজের ফেসবুকে লিখেছেন, ‘‘সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে ‘পদত্যাগ’। তিনি হয়েছেন ‘বহিষ্কার’। জামায়াত আজকেই নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে। কারণ ‘নৈতিকস্খলন’। প্রশ্ন হচ্ছে সংসদ সদস্য থাকতে পারবেন কিনা? আমার মতে না।’’

 

জ্বালানি তেল সংকটের গুজবে নলতাসহ কালিগঞ্জের সব পাম্পে বাইকারদের ভিড়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
জ্বালানি তেল সংকটের গুজবে নলতাসহ কালিগঞ্জের সব পাম্পে বাইকারদের ভিড়

আহাদুজ্জামান আহাদ: জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের গুজব ছড়িয়ে পড়ায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতাসহ বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল আরোহীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বুধবার সকাল থেকেই উপজেলার অধিকাংশ পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়।

স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও মুখে মুখে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ার পর অনেকেই আগেভাগেই মোটরসাইকেলের ট্যাংক ভর্তি করতে পাম্পে ছুটে আসেন। এতে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি চাপ সৃষ্টি হয় এবং অনেক পাম্পে মটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যায়।

নলতা, কালিগঞ্জ সদর ও উপজেলার অন্যান্য ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা গেছে। মোটরসাইকেল চালকদের অনেকেই জানান, ভবিষ্যতে তেল সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কা থেকেই তারা আগে থেকেই তেল সংগ্রহ করছেন।

এদিকে, সংশ্লিষ্ট সূত্র জানায়, গুজবের কারণে হঠাৎ করেই তেলের চাহিদা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে সাময়িকভাবে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। তবে প্রকৃতপক্ষে জ্বালানি সরবরাহে কোনো আনুষ্ঠানিক সংকটের তথ্য পাওয়া যায়নি। এমনকি সরকারের পক্ষ থেকেও জ্বালানি তেলের সংকটের কোন কথা বলা হয়নি।

সচেতন মহল গুজবে কান না দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিশ্চিত তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ না করার পরামর্শ দিয়েছেন, যাতে কৃত্রিম সংকটের পরিস্থিতি তৈরি না হয়।