বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সংবাদদাতা: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মৌচাক সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট এবং মৌচাক সাহিত্য পরিষদের মুখপাত্র মৌচাক পত্রিকা ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব আজাদের লেখা ৩ টি বই প্রদান করা হয়।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সাহিত্য-সংস্কৃতির বিকাশ, পাঠচর্চা এবং সমাজে সৃজনশীল কর্মকান্ড সম্প্রসারণ নিয়ে মতবিনিময় হয়। জেলা প্রশাসক সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাকে আরও গতিশীল করতে মৌচাক সাহিত্য পরিষদের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কর্মকান্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মৌচাক সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মছরুর রহমান, কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মুন্না, সহ-মহিলা সম্পাদিকা গুলশান আরাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎ শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের সফল দায়িত্ব পালন এবং সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন কামনা করা হয়।

Ads small one

জ্বালানি তেল সংকটের গুজবে নলতাসহ কালিগঞ্জের সব পাম্পে বাইকারদের ভিড়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
জ্বালানি তেল সংকটের গুজবে নলতাসহ কালিগঞ্জের সব পাম্পে বাইকারদের ভিড়

আহাদুজ্জামান আহাদ: জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের গুজব ছড়িয়ে পড়ায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতাসহ বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল আরোহীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বুধবার সকাল থেকেই উপজেলার অধিকাংশ পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়।

স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও মুখে মুখে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ার পর অনেকেই আগেভাগেই মোটরসাইকেলের ট্যাংক ভর্তি করতে পাম্পে ছুটে আসেন। এতে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি চাপ সৃষ্টি হয় এবং অনেক পাম্পে মটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যায়।

নলতা, কালিগঞ্জ সদর ও উপজেলার অন্যান্য ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা গেছে। মোটরসাইকেল চালকদের অনেকেই জানান, ভবিষ্যতে তেল সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কা থেকেই তারা আগে থেকেই তেল সংগ্রহ করছেন।

এদিকে, সংশ্লিষ্ট সূত্র জানায়, গুজবের কারণে হঠাৎ করেই তেলের চাহিদা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে সাময়িকভাবে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। তবে প্রকৃতপক্ষে জ্বালানি সরবরাহে কোনো আনুষ্ঠানিক সংকটের তথ্য পাওয়া যায়নি। এমনকি সরকারের পক্ষ থেকেও জ্বালানি তেলের সংকটের কোন কথা বলা হয়নি।

সচেতন মহল গুজবে কান না দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিশ্চিত তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ না করার পরামর্শ দিয়েছেন, যাতে কৃত্রিম সংকটের পরিস্থিতি তৈরি না হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশেই উন্মুক্ত হল ব্যাংদহা স্লুইস গেট

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশেই উন্মুক্ত হল ব্যাংদহা স্লুইস গেট

সংবাদদাতা: বুধবার সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা স্লুইস গেট উন্মুক্ত করা হয়েছে। পলি জমে গেটটি বন্ধ হয়ে যাওয়ায় এলাকার পানি নিস্কাশন বাধাগ্রস্ত হয়। অবশেষে দীর্ঘদিন পর সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্তের নির্দেশে গেটটি উন্মুক্ত করা হয়। এসময় অপসারণ করা হয়েছে গেটের সামনে জমে থাকা পলিমাটি।

ফিংড়ী ইউনিয়ন পরিষদের মেম্বর মোঃ আবু ছালেক জানান, ব্যাংদহা স্লুইস গেটটি দীর্ঘদিন ধরে পলি জমে অবরুদ্ধ ছিল। যে কারণে কৃষকরা আমন ধান থেকে বঞ্চিত হত এব্ং মৎস্য চাষিরা পড়ত বিপাকে। প্রবল বর্ষণে জনাবদ্ধতার কবলে পড়তে হত সাধারণ জনগণকে। জলাবদ্ধতার কবলে পড়ে অনেকের কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ত এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হত।

মোঃ আবু ছালেক আরো জানান, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্তের নির্দেশেই ফিংড়ী ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ব্যাংদহা স্লুইস গেটটির দুটি পাটা খুলে দেওয়া হয়েছে এবং অপসারণ করা হয়েছে পলিমাটি।

এদিকে কাজটি সম্পন্নের পর সরজমিনে পরিদর্শন করেন ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, মেম্বর সাংবাদিক মোঃ আবু ছালেক, জাহিদুজ্জামান বাবু, আবু সাঈদ মোল্লা প্রমুখ।

 

 

কলারোয়ায় আধুনিক মৎস্য ও গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
কলারোয়ায় আধুনিক মৎস্য ও গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় আধুনিক মৎস্য ও গবাদিপশু চাষে সচেতনতা বৃদ্ধি এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ব্রজবাকসা বাজারে ‘নিউ হোপ পোল্ট্রি এন্ড ফিস ফিড’-এর পরিবেশক মেসার্স হাফিজ ট্রেডার্স-এর উদ্যোগে এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সার্বিক সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় এলাকার প্রায় ৪০ জন নিবন্ধিত ও স্থানীয় মৎস্য চাষী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে চাষীদের গুণগত মানসম্মত ওষুধ ও সাপ্লিমেন্টের সঠিক ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিশেষজ্ঞ কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণ প্রদানকারী হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার আকরামুল কবীর, সহকারী ম্যানেজার সাজ্জাদ আরেফিন এবং সিনিয়র অফিসার রবিউল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ে ছিলেন- কলারোয়ার মার্কেটিং অফিসার রবিউল ইসলাম।