দেবহাটায় বোয়ালমারী খাল খনন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বোয়ালমারী খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার আজিজপুর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খননকাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খাল খনন বর্তমান সরকারের একটি অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি। এর ফলে একদিকে যেমন এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে, অন্যদিকে শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানির সুবিধা নিশ্চিত হবে। তিনি আরও বলেন, জেলাজুড়ে আরও বেশ কিছু খাল খননের পরিকল্পনা রয়েছে। খননকাজে যাতে কোনো অনিয়ম না হয়, সে লক্ষ্যে কর্মকর্তাদের স্কেচ ম্যাপ অনুযায়ী কাজ করার নির্দেশ দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম মঈন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম ও উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম।
অন্যান্যের মধ্যে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয় বাসিন্দারা জানান, এই খালটি দীর্ঘকাল খনন না করায় সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। খননকাজ শেষ হলে শত শত একর জমি চাষাবাদের আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।












