বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে খুলনার পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। পরে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল স্বাগত বক্তব্য দেন। এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Ads small one

জলাবদ্ধতা নিরসন ও নিরাপদ আবাসনে সাতক্ষীরায় উত্তরণের উদ্যোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
জলাবদ্ধতা নিরসন ও নিরাপদ আবাসনে সাতক্ষীরায় উত্তরণের উদ্যোগ

মিলন বিশ্বাস: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে সাতক্ষীরা পৌর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ। জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও ফুটপাত নির্মাণ, ঘর মেরামত, জলবায়ু সহনশীল ঘর নির্মাণ, স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ ও নিরাপদ পানির ব্যবস্থা উন্নয়নের ফলে উপকারভোগীদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছে। এসব কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরতে বুধবার (২৮ অক্টোবর) প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা শহরের পলাশপোল চৌধুরীপাড়ায় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সেতুসংলগ্ন রয়েল প্লাস কনভেনশন হলে সকাল ১০টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে উত্তরণ বাস্তবায়িত ‘জলবায়ু অভিবাসী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সমন্বিত জলবায়ু অভিযোজনের মাধ্যমে সহনশীল ভবিষ্যৎ গঠন’ প্রকল্পের আওতায় এসব কার্যক্রম পরিচালিত হয়।

উত্তরণের প্রকল্প সমন্বয়কারী ফাতেমা হালিমা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর অব প্রোগ্রামস মিয়া মারিনা ও ন্যাশনাল ডিরেক্টর মো. মাহফুজুর রহমান।

প্রকল্পের আওতায় সাতক্ষীরা পৌরসভার ছয়টি কমিউনিটিতে দুটি জলবায়ু সহনশীল ঘর নির্মাণ, ১০টি বসতঘর মেরামত, ২৮৬ ফুট ড্রেন ও ফুটপাত নির্মাণ, দুটি গোসলখানা তৈরি এবং ৩০টি পরিবারে শৌচাগার স্থাপন করা হয়েছে। এ ছাড়া ২৫ জন রাজমিস্ত্রি ও কাঠমিস্ত্রিকে প্রশিক্ষণ, একটি ক্ষুদ্র পাইপভিত্তিক পানি সরবরাহব্যবস্থা স্থাপন, ১০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং ৪০টি বসতবাড়িতে সবজি চাষের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সভার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রকল্পের সুবিধাভোগীরা জানান, ড্রেন ও ফুটপাত নির্মাণের ফলে জলাবদ্ধতার দুর্ভোগ কমেছে। আগে পানি জমে থাকায় বাড়ি থেকে বের হওয়া কঠিন ছিল; অনেক সময় দিনে একবারের বেশি বাইরে যাওয়া সম্ভব হতো না। বর্তমানে চলাচল অনেক সহজ হয়েছে। ঘর নির্মাণ ও মেরামতের ফলে দুর্যোগের সময় অন্যের বাড়িতে আশ্রয় নেওয়ার প্রয়োজনও কমেছে। পাশাপাশি স্যানিটেশন ও নিরাপদ পানির সুবিধা তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রেখেছে।

প্রধান অতিথি মো. আসাদুজ্জামান বলেন, সাতক্ষীরা পৌরসভার নিম্নআয়ের মানুষের উন্নয়নে উত্তরণের কার্যক্রম প্রশংসনীয়। পৌরসভার উন্নয়নে ভবিষ্যতে উত্তরণের বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করা হবে।

বিশেষ অতিথি মিয়া মারিনা বলেন, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিম্নআয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে কাজ করছে। সাতক্ষীরায় এ ধরনের কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সংস্থাটির ন্যাশনাল ডিরেক্টর মো. মাহফুজুর রহমান বলেন, উত্তরণের সঙ্গে যৌথভাবে সাতক্ষীরার উন্নয়নে কাজ করছে হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা হিসেবে কমিউনিটির চাহিদা পূরণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা ইতিবাচক ভূমিকা রেখেছে।

সভাপতির বক্তব্যে ফাতেমা হালিমা আহমেদ বলেন, উত্তরণ ১৯৮৫ সাল থেকে সাতক্ষীরায় কার্যক্রম পরিচালনা করছে। ভূমিহীন, জলবায়ু অভিবাসী ও পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে সংস্থাটি কাজ করছে। হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা পৌর এলাকার জলবায়ু অভিবাসী ও স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরণের অন্যান্য প্রকল্পের মাধ্যমেও পৌর এলাকায় উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার শহর সমাজসেবা কর্মকর্তা মশিদুল ইসলাম ও সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান। তাঁরা প্রকল্প বাস্তবায়নের জন্য উত্তরণকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও ও স্বনির্ভর গোষ্ঠীর (এসএইচজি) প্রতিনিধি এবং প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। প্রকল্পের কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মো. বিল্লাল হোসেন।

পাইকগাছা ইউসিসিএর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
পাইকগাছা ইউসিসিএর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ৪০তম বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউসিসিএর সভাপতি প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওয়াহিদ মুরাদ স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় ও সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল সমবায়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা।

সভায় বক্তব্য দেন ইউসিসিএর কার্যকরী কমিটির সহসভাপতি প্রভাষক আবু সালেহ মো. ইকবাল, পরিচালক দীপক চন্দ্র সরকার, সমবায়ী আব্দুল আলীম, বৈদ্যনাথ মণ্ডল, পরিদর্শক নিলুফার ইয়াসমিন, মো. মাসুম বিল্লাহ, দিলীপ নারায়ণ রায় ও আফজাল হোসেন।

এ সময় বিআরডিবির এআরডিও চিন্ময় কুমার মণ্ডল ও সঞ্জয় কুমার মণ্ডল, ইউসিসিএর পরিচালক সুধীর চন্দ্র দাশ, মো. লুৎফর রহমান, মো. রেজাউল করিম, দীপংকর রায়, প্রকাশ চন্দ্র মণ্ডল, সুমন চৌধুরী ও মো. আনিছুর রহমানসহ সমবায়ীরা উপস্থিত ছিলেন।

পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার আলমতলা ইসলামিয়া আজিজিয়া ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও মানপত্র প্রদান করা হয়।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ মাওলানা আমিনুল ইসলাম, পাইকগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমান, নায়েবে আমির মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান ও সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আনিসুর রহমান, রবীন্দ্রনাথ রায়, গাজী শফিকুল ইসলাম, মাওলানা মোজাফফর হোসেন, মাওলানা কামরুল ইসলাম, জহির রায়হান, মাওলানা আফসার উদ্দিন ফিরোজী, মাওলানা শামছুর রহমান, আলহাজ মুরশাফুল আলম, আসাদুল ইসলাম, সোহেল হোসেন, মুজাহিদুল ইসলাম, শিবির নেতা ওয়াস কুরনী, আল মামুন, তামিম রায়হান ও আব্দুল হালিম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আব্দুল গনি সরদার ও শিক্ষক মো. ইব্রাহিম গাজী। দোয়া পরিচালনা করেন মাওলানা আফসার উদ্দিন ফিরোজী।