পালি চাঁদ বিলে লোনা পানি ঢুকে দেড় লাখ টাকার মাছ বিনষ্ট
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সুলতানপুর গ্রামের পালি চাঁদ বিলে একটি মিষ্টাপানির মৎস্য ঘেরে লোনা পানি সেচ দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘেরের প্রায় দেড় লাখ টাকার মাছ মারা গেছে। ঘেরের মালিক মো. সেলিম হোসেন জানান, বিলে তার তিন বিঘা জমির ঘেরে মিষ্টাপানির মাছ চাষ করা হচ্ছিল। গত ২২ জুলাই একই গ্রামের জলিল, সালাম ও ফারুক সরদার সেচের মোটর দিয়ে তার ঘেরে লোনা পানি প্রবেশ করান। এর ফলে ঘেরের সমস্ত মাছ মারা গিয়ে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। এ ঘটনায় সেলিম হোসেন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।






