নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উত্তর সখিপুর পিলের মাঠ এলাকায় চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। একই দিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ১ লাখ টাকা বরাদ্দে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মদ, রবিউল ইসলাম, নাজিমউদ্দিন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডা. নজরুল ইসলাম, আবুল হোসেন, কালাম সরদার এবং সংরক্ষিত নারী সদস্য সাজু পারভীন, রেহেনা খাতুন ও জুলেখা খাতুনসহ স্থানীয় শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান।