ফুটপাত থেকে সরিয়ে নেওয়া ফল ও টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভা কর্তৃক ফুটপাতের দোকান থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন শহরের মুন্সীপাড়া গ্রামের মাহমুদ হাসান (বাবু)। তিনি দীর্ঘদিন ধরে শহরের পাকাপুল (ব্রিজ) এলাকার ফুটপাতে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন।
মাহমুদ হাসান অভিযোগ করে বলেন, সম্প্রতি থানা মোড় থেকে লাবণী মোড় পর্যন্ত ফুটপাতের শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে দোকান তুলে নেওয়ার নির্দেশ দেয় পৌরসভা। নির্দেশনা মেনে তিনি কিছুদিন দোকান বন্ধ রাখলেও অন্য কাউকে উচ্ছেদ না করায় তিনি আবারও দোকান বসাতে বাধ্য হন। গত মঙ্গলবার দুপুরে তিনি যোহরের নামাজ পড়তে মসজিদে গেলে পৌরসভার কর্মীরা তাঁর অনুপস্থিতিতে দোকান থেকে প্রায় ৩০ হাজার টাকার ফল, ক্যাশবাক্সে থাকা নগদ ৫ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান।
ব্যবসায়ী মাহমুদ আরও বলেন, “আমি পৌরসভায় যোগাযোগ করলে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জানান যে ফলগুলো এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে এবং দরখাস্ত দিয়ে ছাতা ও দাঁড়িপাল্লা নিয়ে যেতে বলা হয়েছে। ফুটপাতে শতাধিক দোকান থাকলেও শুধু আমার ওপর কেন এই ব্যবস্থা নেওয়া হলো, তা আমার বোধগম্য নয়। আমার কোনো অপরাধ থাকলে জরিমানা করা যেত, কিন্তু মালামাল এভাবে এতিমখানায় দেওয়ার আইন কোথায় আছে?” ফল ও টাকা ফেরত পেতে তিনি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
জানতে চাইলে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদুজ্জামান বলেন, শহরের যানজট নিরসনের জন্য ওই ব্যবসায়ীকে বারবার ব্রিজের ওপর দোকান না বসাতে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি কথা শোনেননি। যার কারণে অভিযান পরিচালনা করে জব্দ করা ফলগুলো তাৎক্ষণিকভাবে এতিমখানায় দেওয়া হয়েছে। আর বাকি মালপত্র ভবিষ্যতে সেখানে আর দোকান না বসানোর শর্তে ফেরত নিতে আবেদন করতে বলা হয়েছে।









