বাংলাদেশ ও নেপালে বসছে নারী ক্রিকেটের বিশ্ব আসর
নারী ক্রিকেটের নতুন প্রতিভা খুঁজে নেওয়ার মঞ্চ এবার বাংলাদেশ ও নেপাল। আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তৃতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ে নামবে ১৬টি দল। স্বাগতিক বাংলাদেশের অভিযানও শুরু হবে উদ্বোধনী দিনে। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।
২০২৩ সালে প্রথমবার আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার দুই দেশের চারটি ভেন্যুতে হবে মোট ৪১টি ম্যাচ। বাংলাদেশে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। নেপালের কাঠমান্ডুতে খেলা হবে টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।
অংশগ্রহণকারী ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে আছে ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে, তাদের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। ‘ডি’ গ্রুপে খেলবে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।
২১ জানুয়ারি উদ্বোধনী দিনে চারটি ম্যাচে মাঠে নামবে আটটি দল। এর মধ্যে বাংলাদেশের প্রতিপক্ষ আরব আমিরাত। অন্য স্বাগতিক নেপাল নিজেদের প্রথম ম্যাচ খেলবে পরদিন আয়ারল্যান্ডের বিপক্ষে। আর বর্তমান চ্যাম্পিয়ন ভারত টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।
গ্রুপ পর্বের খেলা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এরপর কোয়ালিফাই করা দলগুলো খেলবে সুপার সিক্স পর্বে। সেখানে দলগুলো দুটি গ্রুপে ভাগ হবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে।
আগামী ৪ ফেব্রুয়ারি বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ৫ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে। ফাইনালও চট্টগ্রামে। ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে হবে শিরোপার লড়াই।। শিরোপা নির্ধারণী ম্যাচের জন্যও ৭ ফেব্রুয়ারি রিজার্ভ ডে রাখা হয়েছে।












