বৃষ্টি ও পৃথিবী
সুশান্ত কুমার দে
ঐ সুনীল আকাশ তলে
মেঘ কন্যারা ছুটে চলে,
কাজল বরণ গায়ের রং
নূপুর পরে দেখায় ঢং।
ইলিক ঝিলিক রূপবতী
ডাকে দিয়েছে বসুমতী,
আমার কাছেই আয়?
মারিস নে আর খরায়।
ঝমঝমাঝম বৃষ্টি নেমে
বৃষ্টি সেতো যায়না থেমে,
অথৈ জলে ডুবিয়ে দেশ
ফসলপাতি সবই শেষ।
বসুমতী এবার রাগে লাল
মেঘ কন্যাদের দেয় গাল,
দূর হয়ে যা তাড়াতাড়ি
বড্ড তোদের পায়াভারী।
মেঘ কন্যারা কেঁদে কয়
আমরা এলেই ক্ষতি হয়-
রৌদ্রে পুড়ে ঝাঁঝরা যবে
বন্ধুত্ব করো আমায় সবে?



