মণিরামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনার বীজ ও সার বিতরণ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উচ্চফলনশীল (উফশী ও হাইব্রিড) শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দেওয়ান আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, মণিরামপুর প্রেস ক্লাবের সভাপতি মজনুর রহমান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে সবজি বীজ ও সার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, এ সহায়তা পুষ্টিসমৃদ্ধ সবজি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিকভাবে সক্ষম করতে সহায়ক ভূমিকা রাখবে।









