মণিরামপুরে ঘেরের জমি নিয়ে বিরোধ: ইউএনও অফিসের সামনে মানববন্ধন
মণিরামপুর (যশোর) সংবাদদাতা: যশোরের মণিরামপুর উপজেলার ১৩ নম্বর খানপুর ইউনিয়নের ছিলিমপুর মাঠে একটি মৎস্য ঘেরকে কেন্দ্র করে জমির মালিকদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। দ্রুত ঘেরটি সংস্কারের অনুমতির দাবিতে রোববার সকাল ১০টার দিকে মণিরামপুর উপজেলা কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন জমির মালিকদের একটি অংশ। মানববন্ধন শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে স্মারকলিপি দেন।
মানববন্ধনে অংশ নেওয়া জমির মালিক মুক্তা জানান, ঘেরটির মোট ২২ জন জমির মালিকের মধ্যে ২০ জন জমি দিতে সম্মত হলেও বাকি ২ জন জমি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। ফলে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। দ্রুত এর সমাধান না হলে চলতি মৌসুমে তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছিলিমপুর মাঠের ওই ঘেরটির আয়তন প্রায় ২২ বিঘা। অধিকাংশ জমির মালিক স্বেচ্ছায় জমি দিতে রাজি থাকলেও মাত্র দুজন অমত করায় বিপাকে পড়েছেন ঘেরের নতুন মালিক এম এ হালিম।
এ বিষয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন জানান, দ্রুতই সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডকে সরেজমিনে পরিদর্শনে পাঠিয়ে এই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।











