যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি শ্বশুর মিজানুর রহমান মেনিকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মিজানুর রহমান শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল রাতে ভুক্তভোগী গৃহবধূর (৩৩) স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান তাকে বাড়ির পেছনের একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান জানান, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে গত ৯ মে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র্যাবের যৌথ অভিযানে ঝিনাইদহ থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার বিকেলে যশোরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






