কেউ চলে গেলে
আহমেদ সাব্বির
কেউ চলে গেলে
কেউ মনে রাখে না
যারা মনে রাখে
তারা মনে রাখে।
প্রয়োজন ফুরিয়ে যায়
অশীতিপর বসন্তের মতো।
শীত চলে যায়
পড়ে থাকে ঝরা পালক
ভ্রমণক্লান্ত পরিযায়ী ওম
পাহাড়ের নিঃসঙ্গতায়
স্মৃতি হয়ে ছড়িয়ে থাকে
জীবনতৃষ্ণাসম
অদৃশ্য অন্তর্জাল।
কেউ চলে গেলে
কেউ মনে রাখে না।
মিছামিছি লোভ দেখাচ্ছে
বাবুর আলী গোলদার
কিছু ইতর প্রাণী মলমূত্র ত্যাগ করছে
দুর্গন্ধ নাকে আসছে
নারী কী পুরুষ চেনা দায় হচ্ছে
সর্বাঙ্গ ঢাকা আছে।
বিরতিহীন হাঁটছে
এ পাড়া ও পাড়া যাচ্ছে
ফিসফিসিয়ে বলছে,
অনন্তকাল সুখভোগের লোভ দেখাচ্ছে।
বাহ্ সুখ যেন ওদের হাতে
মিছামিছি লোভ দেখাচ্ছে
সরলমনা মানুষগুলো কি বুঝতে পারছে?


