বর্ণাঢ্য আয়োজনে রয়েল স্ট্রাইকার্স সাতক্ষীরার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
সাতক্ষীরার গড়েরকান্দা এলাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘রয়েল স্ট্রাইকার্স সাতক্ষীরা’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২২ মে) আলোচনা সভা, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট, নতুন জার্সি উন্মোচন ও কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের পরিচালক গোলাম সকলের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। তিনি সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামীতে আরও সুন্দর ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
দিনটির অন্যতম আকর্ষণ ছিল একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। এতে প্রতিদ্বন্দ্বিতা করে রয়েল স্ট্রাইকার্স সাতক্ষীরা দহাকুলা একাদশ এবং রয়েল স্ট্রাইকার্স সাতক্ষীরা গড়েরকান্দা একাদশ।
গড়েরকান্দা একাদশ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গড়েরকান্দা একাদশ। নির্ধারিত ১২ ওভারে ওপেনার তামিমের দুর্দান্ত ও অপরাজিত ১০৬ রানের ওপর ভর করে দলীয় রান দাঁড়ায় ১৭২। দহাকুলা একাদশের পক্ষে অধিনায়ক বাবু ৩টি উইকেট শিকার করেন।
এদিকে দহাকুলা একাদশ: ১৭৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় দহাকুলা একাদশ। ওপেনার বনির অপরাজিত ১১৩ এবং দলীয় অধিনায়ক বাবুর অপরাজিত ৫৯ রানের ঝড়ো ইনিংসে ভর করে সহজ জয় পায় দলটি।
অলরাউন্ড পারফরম্যান্সের জন্য দহাকুলা একাদশের অধিনায়ক বাবু টুর্নামেন্টের ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।
খেলা শেষে সংগঠনের নতুন জার্সির মোড়ক উন্মোচন করা হয়। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যদের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সাইমুন হাসান, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, কোষাধ্যক্ষ সাজিদ।
এছাড়াও সদস্য তামিম, সুমন, আব্দুল্লাহ, যুব, রাকিব, সবুজ, নিহাদ, শোহান, সাকিব, মিতুল, নাজমুল, সবুর, রিফাতসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ২০২৫ সালের ২৩ মে মাত্র কয়েকজন উদ্যমী যুবকের হাত ধরে যাত্রা শুরু করেছিল ‘রয়েল স্ট্রাইকার্স সাতক্ষীরা’। গত এক বছরে বিভিন্ন খেলাধুলা, সামাজিক ইভেন্ট ও ভ্রমণের মাধ্যমে সংগঠনটি নিজেদের সুসংগঠিত করেছে। মাত্র এক বছরেই এর বর্তমান সদস্য সংখ্যা ১৫০ জন ছাড়িয়ে গেছে। প্রেস বিজ্ঞপ্তি






