সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

শ্যামনগরে কৃষি জমির মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
শ্যামনগরে কৃষি জমির মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে শফিকুল ইসলাম (৪২)নামে এক ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে উপজেলার ভবানীপুর এলাকার কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় নেয়ার সময় ভ্রাম্যমান তাকে আটক করে।

এসময় দোষ স্বীকার করে পুনরায় মাটি না কাটার অঙ্গীকার করে ক্ষমা চাওয়ায় ভ্রাম্যমান আদালত লঘুদন্ড হিসেবে তাকে ঐ অর্থদন্ড প্রদান করে। চিংড়িঘের ব্যবসায়ী শফিকুল ইসলাম একই এলাকার মুজিবর রহমানের ছেলে।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেয়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদ হোসাইন জানান, কৃষি জমির মাটি ইট ভাটায় ব্যবহারের সুযোগ নেই।

 

শফিকুল ইসলাম নিজের কৃষি জমির মাটি ইট ভাটায় সরবরাহ করছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১০০০/- টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে একই ধরনের ঘটনা ঘটলে আরো কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Ads small one

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের

খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।

 

সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাদার সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপপ্রয়াস। প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনতে হবে।

 

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।

 

বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ (বাংলাদেশের খবর/বাংলাদেশ নিউজ), সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব (এখন টিভি/জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (ঢাকা টাইমস/দ্য ডেইলি ক্যাম্পাস), নির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন (মানবজমিন), নির্বাহী সদস্য (দপ্তর) এসএম জিন্নাহ (এনটিভি), শামীম পারভেজ (বৈশাখী টিভি), মোশারফ হোসেন (কালের কণ্ঠ), কৃষ্ণ ব্যানার্জি (প্রতিদিনের বাংলাদেশ/নাগরিক টিভি), আসাদুজ্জামান সরদার (বাংলা ট্রিবিউন), রাহাত রাজা (গ্লোবাল টিভি), মোজাহিদুল ইসলাম (যুগান্তর), হাবিবুর রহমান সোহাগ (স্বদেশ প্রতিদিন), রিজাউল করিম (দ্য এডিটরস), শহীদুজ্জামান শিমুল (রানার), নাজমুস সাহাদাৎ জাকির (খবরের কাগজ), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মিলন রুদ্র (ভয়েস অব টাইগার), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা ২৪), তানজির কচি (বাংলানিউজ) এবং আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা) প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

নতুন কুঁড়ি স্পোর্টসে সাতক্ষীরা থেকে আরও উঠে আসবে জাতীয় মানের খেলোয়াড়: জেলা প্রশাসক আফরোজা আখতার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:১১ অপরাহ্ণ
নতুন কুঁড়ি স্পোর্টসে সাতক্ষীরা থেকে আরও উঠে আসবে জাতীয় মানের খেলোয়াড়: জেলা প্রশাসক আফরোজা আখতার

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজন উপলক্ষে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

 

সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা আখতার বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে একযোগে আটটি ইভেন্টে আগামী ২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ অনুষ্ঠিত হবে। এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে প্রশিক্ষণের আওতায় এনে তাদের দক্ষতা উন্নয়ন করা হবে। এতে করে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য যোগ্য খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

তিনি আরও বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি তরুণ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজনটি সফল করতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি।

 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ইতোমধ্যে জেলায় অনলাইনে ব্যাপক সাড়া মিলেছে। আশাশুনি উপজেলায় ২৫৬ জন, সাতক্ষীরা পৌরসভায় ২২৬ জন, কলারোয়া উপজেলায় ২০২ জন, তালা উপজেলায় ১৪৬ জন, দেবহাটা উপজেলায় ১২৫ জন, শ্যামনগর উপজেলায় ১২০ জন এবং কালীগঞ্জ উপজেলায় ১০৬ জন নিবন্ধন করেছেন। সব মিলিয়ে নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৫ জনে। শেষ দিনে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আয়োজকরা।

 

ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ আয়োজনের গুরুত্ব তুলে ধরতে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

প্রসঙ্গত, আগামী ২ মে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করা হবে। জেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা প্রেস ব্রিফিংয়ে অংশ নেন।

লিমনের মরদেহ উদ্ধারের কাছাকাছি এলাকায় অজ্ঞাত দেহাবশেষ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
লিমনের মরদেহ উদ্ধারের কাছাকাছি এলাকায় অজ্ঞাত দেহাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মৃত উদ্ধারের পর এবার আরেকজনের মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল)ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে মরদেহের অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস। মার্কিন সংবাদমাধ্যম ১০ টাম্পা বে নিউজ এ খবর জানিয়েছে।

 

হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, উদ্ধার হওয়া দেহটি এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি বর্তমানে পিনেলাস কাউন্টি মেডিক্যাল এক্সামিনারের কার্যালয় তদন্ত করছে।

 

 

এর আগে চলতি সপ্তাহে একই এলাকা থেকে নিখোঁজ হওয়া ইউএসএফের বাংলাদেশি ছাত্র জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। লিমনের মরদেহ উদ্ধারের ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুটি ফার্স্ট-ডিগ্রি মার্ডারসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। শনিবার তাকে আদালতে হাজির করা হয় এবং বর্তমানে ফালকেনবার্গ রোড কারাগারে বন্দি রয়েছে।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার, এখনও খোঁজ মেলেনি নাহিদার

 

অপর নিখোঁজ শিক্ষার্থী নাহিদা বৃষ্টির সন্ধানে এখনও তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, জামিল লিমন এবং নাহিদা বৃষ্টিকে সর্বশেষ গত ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন এবং নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডক্টরাল শিক্ষার্থী।

 

এদিকে রবিবার সকাল থেকেই হিলসবরো ও পিনেলাস কাউন্টির মেরিন ইউনিট যৌথভাবে নৌকা, হেলিকপ্টার ও পায়ে হেঁটে সেতুর আশপাশের ম্যানগ্রোভ এলাকা ও জলপথে তল্লাশি চালায়। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে।

 

আরও পড়ুন: লিমন-বৃষ্টিকে হত্যায় হিশামকে অভিযুক্ত করলো পুলিশ

 

সাধারণত শান্ত এই এলাকায় ব্যাপক পুলিশি উপস্থিতি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা আরনাড ইউটিল বলেন, এখানে এই পরিমাণ পুলিশ দেখে আমরা অবাক হয়েছি। এই এলাকাটি সাধারণত খুব শান্ত থাকে।

 

কর্তৃপক্ষ এই ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে এবং নাহিদা বৃষ্টির অবস্থান সম্পর্কে কোনও তথ্য থাকলে তা হিলসবরো কাউন্টি শেরিফ অফিসে জানাতে অনুরোধ করা হয়েছে।