শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম। সোমবার (৪ মে) সকালে তিনি শ্যামনগরে এসে পৌঁছালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
সকালে সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান।
শুভেচ্ছা বিনিময় শেষে সিভিল সার্জন হাসপাতালের মেডিকেল অফিসার ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা এবং টিকাদান কর্মসূচিতে যেন কোনো শিশু বাদ না পড়ে, সে বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তরিকুল ইসলাম, এমওডিসি ডা. মিলন হোসেনসহ কর্মকর্তাগণ।
হাসপাতাল পরিদর্শন শেষে সিভিল সার্জন উপজেলার ১৬০ নম্বর শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হাম-রুবেলা ক্যাম্পেইন কেন্দ্রে যান। সেখানে তিনি শিশুদের টিকা দেওয়ার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি চলছে, যার অংশ হিসেবে শ্যামনগরেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।






