সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা
উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্যামনগরে এক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুন) সকাল ১০টায় ‘ইয়ুথ ফর সুন্দরবন’ সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। জার্মান কো-অপারেশন, রূপান্তর ও হেলভেটাসের সহযোগিতায় পরিচালিত “দূষণ হ্রাস করা এবং সুন্দরবনের পরিবেশের উন্নতি করা” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সভায় কমিউনিটি ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি), কমিউনিটি প্যাট্রোল গ্রুপ (সিপিজি), ইকোগাইড, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বর্তমানে প্লাস্টিক বর্জ্যের কারণে মারাত্মক হুমকির মুখে রয়েছে। এই দূষণ বনাঞ্চলের জীববৈচিত্র্য, নদী-খাল ও বন্যপ্রাণীর পাশাপাশি স্থানীয় মানুষের জীবন-জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সুন্দরবনকে দূষণমুক্ত রাখতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জোন টুরিস্ট পুলিশের এএসআই সঞ্জয় বর্মণ, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন এবং উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম।
সভায় আরও উপস্থিত ছিলেন রূপান্তরের ইকো সুন্দরবন প্রকল্পের সমন্বয়কারী গোলাম কিবরিয়া, ট্রেনিং ফ্যাসিলিটেটর খালিদ মিজান লামি ও সাংবাদিক আব্দুল হান্নান। ইয়ুথ ফর সুন্দরবন শ্যামনগর শাখার সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুন্তাকিমুল ইসলাম রুহানি।









