শ্যামনগরের নওয়াবেকী আটুলিয়া ও বুড়িগোয়ালিনীতে পরিবেশ বিষয়ক সভা
সংবাদদাতা: শ্যামনগরের নওয়াবেকী মহাবিদ্যালয়, আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে পরিবেশ বিষয়ক সচেতনতা সেমিনার এবং প্রতিবেশ সংকটাপন্ন এলাকা-ইসিএ কমিটির সাথে পৃথক পৃথক মতবিনিময় সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা, ১২টা ও বেলা দেড়টায় এসব সভা সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশের অতীত ও বর্তমান পরিস্থিতি, প্রতিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকার তথ্যচিত্র ও বর্তমান অবস্থা, ইসিএ এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, পরিবেশ সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় সুন্দরবন কেন্দ্রীক ও ইসিএ এলাকার প্রাকৃতিক পরিবেশের অতীত ও বর্তমান অবস্থা, প্রতিবেশ সংকটাপন্ন (ইসিএ) স্থল ১০ কিলোমিটার এলাকার মানুষের কর্মসংস্থান, বিকল্প কর্মসংস্থান, বাজার ব্যবস্থাপনা, পর্যটকদের সচেতন, পরিবেশ বান্ধব কর্মপরিকল্পনা, বর্জ্য ব্যবস্থাপনা, অবৈধ বালু উত্তোলন, সুন্দরবন ধ্বংস করে এমন কার্যক্রম এবং পরিবেশ সংরক্ষণে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নওয়াবেকী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. জুলফিকার আল মেহেদী। আটুলিয়া ইউনিয়ন পরিষদের সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো. আবু সালেহ বাবু এবং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান নজরুল ইসলাম।
এসব সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমেন মিত্র। বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি কৌঁসুলি (জিপি) অসীম কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন ইসিএ জেলা কমিটির সদস্য শেখ আফজাল হোসেন, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্সের ডিস্ট্রিক্ট ইনচার্জ মো. শরিফুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জিএম নাজমুল আরিফ। এসব অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসিএ জেলা কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান।
নওয়াবেকির সেমিনারে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আন্তন হাসান, সুমাইয়া সুলতানা ও সিরাজুম মুনিরা ঐশী এবং মহাবিদ্যালয়ের প্রভাষক ও শিক্ষার্থীরা।
আটুলিয়ার সভায় ওয়ার্ড সদস্য মো. মোশাররফ হোসেন ও মো. আক্তারুজ্জামান লিটিলসহ অন্যান্য ইসিএ সদস্য, সুধী, ইউপি দফাদার ও গ্রামপুলিশ।
বুড়িগোয়ালিনির সভায়ও ইউপি ইসিএ কমিটির সদস্য, সুধীজন, ইউপি দফাদার ও গ্রামপুলিশ উপস্থিত ছিলেন।









