সরকারি আইনি সহায়তা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে হবে: মোহাম্মদ নজরুল ইসলাম
পত্রদূত রিপোর্ট : সরকারি আইনি সহায়তা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেছেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেছেন, সাধারণ মানুষের আইনি সহায়তা প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় পূর্ববর্তী সভার সিদ্ধান্ত অনুমোদন, প্যানেল আইনজীবীদের কর্মদক্ষতা ও দায়িত্ব পালনের মান মূল্যায়ন এবং তাঁদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে চিফ লিগ্যাল এইড অফিসার, লিগ্যাল এইড অফিসার ও স্পেশাল মেডিয়েটরের দায়িত্ব ও কার্যক্রম পর্যালোচনা করে সেবার মান বাড়াতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
সভায় অক্টোবর ও নভেম্বর মাসে দাখিল করা আইনি সহায়তার আবেদন এবং প্যানেল আইনজীবীদের বিল নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং বিধিমালা, ২০২৪’-এর প্রয়োগ ও বাস্তবায়নের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. জাকারিয়া হোসেন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাঈদুর রহমান। এ ছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং লিগ্যাল এইড প্যানেল আইনজীবীরা মতামত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সরকারি আইনি সহায়তার মাধ্যমে অসচ্ছল, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করতে হবে। এ কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তর, কর্মকর্তা ও প্যানেল আইনজীবীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাটি পরিচালনা করেন চিফ লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মুস্তাফিজুর রহমান।









