সাতক্ষীরা পুলিশের উদ্যোগে নিখোঁজ তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর
নিজস্ব প্রতিনিধি: যশোর থেকে নিখোঁজ হওয়া সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এক তরুণীকে (২৪) পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। কয়েকজন নারী উদ্যোক্তা ও উন্নয়নকর্মীর সহযোগিতায় পুলিশের মানবিক উদ্যোগে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাঁকে বাবার কাছে হস্তান্তর করা হয়। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ১৪ নভেম্বর রাতে এক সচেতন পথচারী ওই তরুণীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসেন। তিনি নিজের বাবা-মায়ের নাম বলতে পারলেও বাড়ির ঠিকানা জানাতে পারেননি। ফলে তাৎক্ষণিকভাবে পরিবারের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় কয়েকজন নারী উদ্যোক্তা ও উন্নয়নকর্মী তাঁর পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর পরিচয় জানার চেষ্টা করা হয়।
সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম তরুণীর নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতার দায়িত্ব দেন নারী ও শিশু হেল্পডেস্কের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মমতার খাতুনকে। তিনি তরুণীর পরিচয় ও পরিবারের সন্ধান পেতে চেষ্টা অব্যাহত রাখেন।
পরদিন আদালতে উপস্থাপনের পর তাঁর মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে পাবনায় পাঠানোর বিষয়ে আলোচনা হয়। তবে পরিবারের সন্ধান পাওয়ার জন্য আরও কিছুটা সময় নেওয়ার প্রয়োজন মনে করেন হেল্পডেস্ক কর্মকর্তা। পরে আদালতের অনুমতি নিয়ে পরিবারের সন্ধানে চেষ্টা চালিয়ে যান তিনি।
এদিকে, মেয়েকে খুঁজে না পেয়ে তাঁর বাবা মো. কামরুজ্জামান যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, তাঁর মেয়ে জান্নাতুল জেবা (২৪) সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এবং উপশহর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী। গত ১৪ নভেম্বর বেলা পৌনে ১২টার দিকে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুরের মান্দারতলা এলাকার বাড়ি থেকে পরিবারের অজান্তে বের হয়ে যান তিনি। এরপর আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
পরে সাতক্ষীরা সদর থানায় মেয়ের সন্ধান পাওয়ার খবর পেয়ে বাবা কামরুজ্জামান থানায় আসেন। সেখানে তিনি মেয়েকে শনাক্ত করেন এবং তরুণীও বাবাকে চিনতে পারেন। মঙ্গলবার বিকেলে ওসি শফিকুল ইসলামের উপস্থিতিতে তাঁকে বাবার কাছে হস্তান্তর করা হয়। এ সময় পরিচয় শনাক্ত ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগে যুক্ত নারী উদ্যোক্তা ও উন্নয়নকর্মীরাও উপস্থিত ছিলেন।
দীর্ঘ প্রচেষ্টার পর মেয়েকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন বাবা কামরুজ্জামান। একজন সচেতন পথচারীর উদ্যোগে শুরু হওয়া এ কার্যক্রমে পুলিশ, নারী উদ্যোক্তা ও উন্নয়নকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা মানবিক দায়িত্ববোধের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।









