সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা
সংবাদদাতা: স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও জনবান্ধব করতে সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লেকভিউ রিসোর্টে উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে বুধবার সকালে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় পৌরসভার বিভিন্ন পর্যায়ের মোট ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল পৌরসভার প্রতিনিধিদের রূপকল্প প্রণয়ন, পরিকল্পনা ও বাজেট প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা, যাতে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও ফলপ্রসূ, টেকসই ও জনগণমুখী হয়ে ওঠে। কর্মশালায় পৌরসভার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, সম্পদ ব্যবস্থাপনা, অংশগ্রহণমূলক বাজেট প্রক্রিয়া, স্থানীয় সরকার আইন ও বিধিমালার বাধ্যবাধকতা এবং বাস্তবায়ন কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পরিস্থিতি বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় চাহিদা নিরূপণ এবং তা উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদি। তারা অংশগ্রহণকারীদের স্থানীয় সরকার কাঠামোর গুরুত্ব, আইনগত বিষয়াবলি, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কৌশল সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালার সার্বিক সমন্বয় ও পরিচালনার দায়িত্ব পালন করেন রূপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর মোছা. জোহুরা খাতুন মীরা। দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীদের জন্য একটি প্রাণবন্ত ও কার্যকর শিক্ষার পরিবেশ তৈরি হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম. এম. নুর আহমদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমানসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের প্রশাসনিক ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা ও রূপকল্প প্রণয়নের প্রক্রিয়াকে আরও কার্যকর ও বাস্তবমুখী করা সম্ভব হবে।









