সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার ১২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ নভেম্বর) ও মঙ্গলবার (১৭ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা ও কুশখালী বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৩ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোমরা আইসিপি এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার ১২০ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনসামগ্রী ও ব্লুটুথ স্পিকার এবং ৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে।
অন্যদিকে, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১১/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমতলা এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় সিম গার্ড ও মোবাইল চার্জিং পোর্ট জব্দ করে।
বিজিবির দাবি, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। চোরাচালান প্রতিরোধ এবং দেশের রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।









