সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ ও সমাবেশ
oplus_0
সংবাদদাতা: গণভোটের রায়ের বাস্তবায়ন, ‘জুলাই সনদ’ কার্যকর এবং জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা। শুক্রবার বিকেল চারটায় শহরের সঙ্গীতা মোড় থেকে ‘অদম্য জুলাই’ শীর্ষক বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আসিফ চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এবং শহর সম্পাদক মো. নুরুন্নবীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সম্পাদক ও শিক্ষক ওমর ফারুক।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের পাশাপাশি বিপ্লবকালে সংগঠিত গণহত্যার নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে এতে বক্তব্য দেন শিবিরের সাবেক শহর সভাপতি আল মামুন, আইনজীবী আবু তালেব ও আব্দুল গফুর। সমাবেশে জুলাই বিপ্লবের যোদ্ধাদের প্রতিনিধি মো. ইমরান হোসেন ইমু ও নাজমুল হোসেন রনি সহ সংগঠনটির জেলা, শহর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।












