সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, আমন ধান নষ্টের দাবি
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার তালতলা এলাকায় পৈতৃক জমি দখলের চেষ্টা, রোপণ করা আমন ধান উপড়ে ফেলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জাকির হোসেন (৪৫) নামে এক ব্যক্তি সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী জাকির হোসেন সাতক্ষীরা সদর উপজেলার তালতলা গ্রামের বাসিন্দা। তাঁর দাবি, কাটিয়া মৌজার ১০১ নম্বর খতিয়ানের ৩৮২ নম্বর দাগে ৪৮ শতক জমি তাঁর পৈতৃক সম্পত্তি। দীর্ঘদিন ধরে বিবাদীরা ওই জমি দখলের চেষ্টা করে আসছেন। জমিতে চাষাবাদ করতে গেলেও তাঁকে বিভিন্নভাবে বাধা ও হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তাঁর।
লিখিত অভিযোগে জাকির হোসেন উল্লেখ করেন, ২৪ আগস্ট সকাল আনুমানিক ৭টার দিকে প্রতিপক্ষরা কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁর জমিতে প্রবেশ করেন। এ সময় জমিতে রোপণ করা আমন ধান হাত দিয়ে উপড়ে ফেলা ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করা হয়। এতে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তাঁর দাবি।
তিনি আরও অভিযোগ করেন, ধান নষ্ট করার কাজে বাধা দিতে গেলে বিবাদীরা তাঁকে গালিগালাজ করেন এবং মারধর ও প্রাণনাশের উদ্দেশ্যে ধাওয়া করেন। জমি নিয়ে ভবিষ্যতে সংঘর্ষ ও অনাকাক্সিক্ষত ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
অভিযোগে মো. এনামুল, মো. লাভলু, হুমায়ূন কবির, মো. মিন্টু, মো. ইমদাদুল, জরিনা খাতুন, শিরিনা খাতুন ও ফতেমা খাতুনসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগকারীর দাবি, সুমি খাতুন ও কামরুন নেছাসহ স্থানীয় কয়েকজন ঘটনার বিষয়ে জানেন এবং তাঁরা সাক্ষ্য দিতে পারবেন। এ বিষয়ে অভিযোগকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।





