সাতক্ষীরায় জাকারিয়া হত্যাকান্ডে আসামিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
সংবাদদাতা: সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাকারিয়া হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন দশম শ্রেণির শিক্ষার্থী ফারহান ফেরদৌস, মাহমুদুল হাসান দিপু, আহনাফ আসেফসহ অন্যান্য শিক্ষার্থীরা। বক্তারা বলেন, তাঁদের বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাকারিয়াকে পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করতে হবে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে চায়ের দোকানদার বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাঁধে মামলার আসামিদের। বাপ্পী হাসানকে বাঁচাতে গিয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজছাত্র জাকারিয়া। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই শাহরিয়ার খান বাদী হয়ে পরদিন রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাতজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার প্রধান আসামিসহ চারজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে।









