সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
নিজস্ব প্রতিনিধি: তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর দুপুরে শহরের তালতলা এলাকার সোনার বাংলা চাইনিজ কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আরা’র উদ্যোগে ‘রেসপন্স, এনগেজমেন্ট অ্যান্ড নেটওয়ার্কিং ফর এক্সক্লুডেড উইমেন’ প্রকল্পের আওতায় এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ ও ‘ক্রিশ্চিয়ান এইড’-এর সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার ও পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান।
সম্মেলনে বক্তারা নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, নারী নির্যাতন প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়নকর্মী ও ফোরামের সদস্যরা অংশ নেন।









