সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর দুপুরে শহরের তালতলা এলাকার সোনার বাংলা চাইনিজ কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আরা’র উদ্যোগে ‘রেসপন্স, এনগেজমেন্ট অ্যান্ড নেটওয়ার্কিং ফর এক্সক্লুডেড উইমেন’ প্রকল্পের আওতায় এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ ও ‘ক্রিশ্চিয়ান এইড’-এর সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার ও পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান।

সম্মেলনে বক্তারা নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, নারী নির্যাতন প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়নকর্মী ও ফোরামের সদস্যরা অংশ নেন।

Ads small one

‘২ কোটির নিচে নেবো না’ বলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সেই প্রকৌশলী বরখাস্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
‘২ কোটির নিচে নেবো না’ বলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সেই প্রকৌশলী বরখাস্ত

আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে ভাইরাল হওয়ার পর লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদফতরের সহকারী পরিচালক মো. কাউসার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের সহকারী পরিচালক-৩ মো. কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত এক দপ্তরাদেশের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘মো. নুরুল আমিন, নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, লক্ষ্মীপুর-এর বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা ১৯৮২-এর ১৪১ (১) বিধির অধীনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। বিধি অনুসারে নুরুল আমিনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’

পিডিবির কুমিল্লা বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শেখ ফিরোজ কবির সাময়িকভাবে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনটি বলেন, ‘তাকে সাময়িক বহিষ্কারের অফিস আদেশের চিঠিটি আমি বিকালে পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

গত রবিবার রাতে নুরুল আমিনের প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে এলাকায় আলোচনা ও নানা প্রশ্ন তৈরি হয়েছে। ভিডিওতে সামনে থাকা এক ব্যক্তিকে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেবো।’

ভিডিওতে তিনি একটি কাজের ব্যয় ও মালামালের হিসাব নিয়েও কথা বলেন। তাকে বলতে শোনা যায়, ‘সোজা হিসাব, ৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল সে আত্মসাৎ করছে। হিসাব করে দেখা যাবে ৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেবো।’

ভিডিওর একটি অংশে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনও একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না। ছয় কোটি টাকা তিন গুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়বো না। চেয়ারম্যানের কাছে যেতে হলে যাবো। দেখি চেয়ারম্যান কী কয়।’

এরপর তাকে আরও বলতে শোনা যায়, ‘একটা বিলের জন্য যদি দুই কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গামতো পোস্টিং দেবে।’

নাম প্রকাশ না করার শর্তে লক্ষ্মীপুর পিডিবির দুই ঠিকাদার অভিযোগ করেন, নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন বিভিন্ন কাজের বিল অনুমোদন ও অর্থ ছাড় করাতে ঘুষ দাবি করেন। ঘুষ না দিলে বিল আটকে রাখা, কাজের অনুমোদন না দেওয়া কিংবা নানা ধরনের প্রশাসনিক জটিলতায় ফেলার কারণে ঠিকাদারদের কেউই তার সঙ্গে বিরোধে যেতে চান না।

অভিযোগ ও ভিডিওর বিষয়ে জানতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও রিসিভ করেননি। আজ দুপুর ১২টার দিকে তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। এ সময় কার্যালয়ে থাকা পিডিবির সহকারী প্রকৌশলী জানান, নুরুল আমিন সকাল থেকেই কার্যালয়ে আসেননি।

এ ছাড়া নির্বাহী প্রকৌশলীর নুরুল আমিনের বিরুদ্ধে মিটার সংযোগ ও লাইন নির্মাণ এবং মেরামতকাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছেন একাধিক গ্রাহক।

 

কালিগঞ্জে শিক্ষকের ১৫৬টি পদ শূন্য, ব্যাহত প্রাথমিক শিক্ষার পাঠদান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
কালিগঞ্জে শিক্ষকের ১৫৬টি পদ শূন্য, ব্যাহত প্রাথমিক শিক্ষার পাঠদান

নিয়াজ কওছার তুহিন: সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, দাপ্তরিক কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষকের পদ শূন্য থাকায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত এই জনবল সংকট নিরসন করা না হলে উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ৬টি ক্লাস্টারে বিভক্ত এসব বিদ্যালয়ের জন্য ৬ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৪ জন। তাঁদেরকেই ১৩৮টি বিদ্যালয়ের পরিদর্শনের কাজ সামলাতে হচ্ছে।

একই সঙ্গে উপজেলা শিক্ষা কার্যালয়েও তীব্র জনবল সংকট দেখা দিয়েছে। কার্যালয়টিতে ৫টি প্রশাসনিক পদের বিপরীতে মাত্র একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও একজন অফিস সহায়কের মাধ্যমে দাপ্তরিক কাজ চালানো হচ্ছে।

অন্যদিকে, ১৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৮টিতেই কোনো স্থায়ী প্রধান শিক্ষক নেই; সহকারী শিক্ষকদের দিয়ে ভারপ্রাপ্ত হিসেবে প্রশাসনিক কাজ চালানো হচ্ছে। পাশাপাশি ৮৩১ জন সহকারী শিক্ষকের বিপরীতে কর্মরত আছেন ৭৭৩ জন, অর্থাৎ ৫৮টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান ও সহকারী শিক্ষক মিলে মোট ১৫৬টি শিক্ষক পদ খালি পড়ে রয়েছে।

একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, দাপ্তরিক কাজের অতিরিক্ত চাপের কারণে শ্রেণিকক্ষে পাঠদানে ঠিকমতো মনোযোগ দেওয়া সম্ভব হয় না। শিক্ষকের অভাবে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা ব্যাহত হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস জনবল সংকটের বিষয়টি নিশ্চিত করে জানান, সমস্যাগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, শূন্যপদের তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। আগামী এক মাসের মধ্যে সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগ সম্পন্ন হতে পারে। পর্যায়ক্রমে প্রধান শিক্ষকসহ অন্যান্য পদের নিয়োগ প্রক্রিয়া চালানো হবে।

ভারতের কাছে ১০ গোলে হারলো বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
ভারতের কাছে ১০ গোলে হারলো বাংলাদেশ

র‌্যাংকিংয়ের ব্যবধানটা মাঠেও স্পষ্ট হয়ে গেলো। বিশ্ব হকি র‌্যাংকিংয়ে ভারত সপ্তম, বাংলাদেশ ২৭ নম্বরে। এশিয়ান গেমসের টার্ফে সেই পার্থক্য আরও বড় করে দেখালো ভারত। গোলের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দিয়ে শেষ পর্যন্ত ১০-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

জাপানের গিফু শহরে বৃষ্টিস্নাত ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হয় ভারত। ম্যাচের তৃতীয় মিনিটেই অভিষেকের গোলে এগিয়ে যায় তারা। এরপর একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণকে ব্যস্ত রাখে ভারত।

২২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন জুগরাজ সিং। পাঁচ মিনিট পর, ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন ভারতের অধিনায়ক হারমানপ্রিত সিং। ৩২ মিনিটে সুখজিৎ সিংয়ের গোলে ভারত এগিয়ে যায় ৪-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধেও ভারতের গোলের ক্ষুধা কমেনি। ৪০ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন হারমানপ্রিত। এরপর ৪৪ ও ৪৫ মিনিটে পরপর দুটি গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন শিলানন্দ লাকরা।

৪৫ মিনিটেই আবার পেনাল্টি কর্নার থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হারমানপ্রিত সিং। শেষ দিকে ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন সঞ্জয়। ম্যাচের শেষ মিনিটে ভারতের দশম গোলটি করেন মানদীপ সিং।

এশিয়ান গেমসে অবশ্য বাংলাদেশের শুরুটা হয়েছিল দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলের হার দিয়ে। পরের ম্যাচে স্বাগতিক জাপানের কাছেও ৬-১ গোলে হারতে হয় লাল-সবুজদের। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৫-১ গোলে জয় পায় বাংলাদেশ। এরপর ইন্দোনেশিয়াকে হারায় ৩-১ গোলে।

‘এ’ গ্রুপে চার ম্যাচে দুটি জয় পেলেও বাংলাদেশ শেষ করেছে চতুর্থ স্থানে। ফলে স্থান নির্ধারণী ম্যাচে এবার চীনের মুখোমুখি হতে হবে জিমি-আমিরুলদের।