বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরাজুড়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটায় সাতক্ষীরা শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার অন্যতম প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মুসল্লি অংশ নেন। একই সঙ্গে জেলার সাতটি উপজেলার গ্রাম, মহল্লা ও বিভিন্ন ঈদগাহ ময়দান এবং মসজিদগুলোতেও পর্যায়ক্রমে ঈদের নামাজ আদায় করা হয়।

মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহের জামায়াতে ইমামতি করেন মাওলানা দেলোয়ার হোসেন আজাদী। ঈদের জামাতে জেলার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, যুবকসহ নানা বয়সী মানুষ এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে খুতবায় ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা তুলে ধরা হয়। পরে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এদিকে ঈদকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ দেখা যায়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

মুসলমানদের বৃহৎতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। প্রবৃত্তির দাসত্ব, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষসহ মনের পশুত্বকে পরাভূত করার শিক্ষা দেয় কোরবানির। মহান আত্মত্যাগ, আত্মসমর্পণ এবং নিজেকে উৎসর্গ করার মহিমায় উদ্ভাসিত মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ভ্রাতৃত্ববোধ অটুট করে। বৃহৎতম এই ধর্মীয় উৎসবে ধনী, গরিব সব মানুষের মনপ্রাণ ঈদের আনন্দ উচ্ছ্বাসে মিলে যায়।

আল্লাহ তায়ালার প্রতি অপার আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে। মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে কোরবানির রেওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়েছিলেন

এই অনন্য ঘটনার স্মরণে কোরবানি প্রচলিত হয়। আরবি ‘কুরবান’ শব্দ থেকে কোরবানি। এর অর্থ-ত্যাগ, উৎসর্গ, বিসর্জন, নৈকট্যলাভ। পরিভাষায় একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্যলাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে, নিদিষ্ট সময়ে, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট পশু জবেহ করাকে উযহিয়্যা বা কোরবানি বলে। মনের পশু অর্থাৎ কুপ্রবৃত্তিকে পরিত্যাগ করা। মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনে নিজের প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার প্রস্তুতির শিক্ষাই এ ঈদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বিধাহীনভাবে তার কাছে আত্মসমর্পণ এবং তার নির্দেশ শর্তহীনভাবে মেনে নেওয়াই হলো ঈদুল আজহার প্রকৃত শিক্ষা দেয়।

সাতক্ষীরা মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় ঈদুল আজহার নামাজে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহসুদুর রহমান, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সদস্য আব্দুল আজিজসহ প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, আলেম-ওলামাসহ ধনী, গরিব, সর্বস্তরের মানুষ।

Ads small one

কোরবানি না হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
কোরবানি না হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

অনলাইন ডেস্ক: অ্যালবিনো জাতের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি শেষ পর্যন্ত কুরবানি হচ্ছে না। ঈদুল আজহার আগে বিক্রি হয়ে গেলেও সরকারের উচ্চপর্যায়ের বিশেষ নির্দেশনায় সেটিকে উদ্ধার করা হয়েছে। বিরল প্রজাতির এই গোলাপি মহিষটির নতুন ঠিকানা হয়েছে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানা।

বিরল জিনগত বৈশিষ্ট্য বা অ্যালবিনিজমের কারণে এই মহিষটির গায়ের রঙ হয়েছে গোলাপি এবং কপালে ডোনাল্ড ট্রাম্পের মতো সোনালি চুল রয়েছে। এই অনন্য রূপের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমেও মহিষটি তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ভাইরাল খ্যাতির সুবাদে বাংলাদেশে ঈদের কুরবানি থেকে রেহাই পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ।

মার্কিন প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফ’ পদের সঙ্গে মিল রেখে রসিকতা করে মহিষটিকে ‘কমান্ডার ইন বিফ’ বলে আখ্যা দিয়েছিল ফরাসি বার্তা সংস্থা এএফপি। তারা নতুন প্রতিবেদনে লিখেছে, ‘ট্রাম্প’ মহিষকে কুরবানি থেকে বাঁচিয়ে বাংলাদেশের চিড়িয়াখানায় পাঠানো হলো।

ফ্রান্স ২৪-এর শিরোনাম করেছে, ভাইরাল তারকাখ্যাতি বাংলাদেশে ‘ট্রাম্প’ মহিষকে কুরবানির হাত থেকে বাঁচাল।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ লিখেছে, বাংলাদেশে ঈদের কুরবানি থেকে রেহাই পেল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে বাঁচাতে হস্তক্ষেপ করলেন কর্মকর্তারা।

টাইমস অব ইসরাইল লিখেছে, ঈদের কুরবানি থেকে শ্বেতকায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে রেহাই দিল বাংলাদেশ।

নিউইয়র্ক পোস্টে বলা হয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের ভাইরাল অ্যালবিনো মহিষ বাংলাদেশে ঈদের কুরবানি থেকে রেহাই পেয়েছে।

 

এনডিটিভি লিখেছে, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে ঈদের কুরবানি থেকে বাঁচিয়ে বাংলাদেশের চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।

 

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি সংবাদমাধ্যমটির শিরোনাম, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে বাঁচাতে এগিয়ে এলেন বাংলাদেশের কর্মকর্তারা।

 

অন্যান্য প্রভাবশালী মিডিয়া: এর বাইরেও ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেনডেন্ট, পাকিস্তানের ডন, ভারতের টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডেসহ বিশ্বের প্রায় সবগুলো সুপরিচিত সংবাদমাধ্যম এই গোলাপি অ্যালবিনো মহিষটির খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে জনকল্যাণমুখী সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নয়াদিল্লির অঙ্গিকার পুনর্ব্যক্ত করেন।

 

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের বরাত দিয়ে জানানো হয়, বার্তায় মোদি বাংলাদেশের ‘ভাতৃপ্রতিম জনগণকে’ ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

 

বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতের কোটি কোটি মুসলিম অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব উদযাপন করছেন।

 

তিনি আরও উল্লেখ করেন, ঈদুল আজহার ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের শাশ্বত আদর্শকে সমুন্নত রাখে, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তোলার জন্য অত্যন্ত অপরিহার্য।

 

ভারতের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পারস্পরিক আকাক্সক্ষার ওপর ভিত্তি করে ভারত ও বাংলাদেশের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে উঠেছে।

 

তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে জনমুখী পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে ভারত সরকার বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

 

মোদি আশা প্রকাশ করে বলেন, দ্বিপাক্ষিক অভিন্ন উন্নয়নের লক্ষ্য ও ভাবনা দুই দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে।

 

নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন এবং সেই সঙ্গে বাংলাদেশের জনগণের নিরবচ্ছিন্ন অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

কলকাতায় প্রথমবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের জামাত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
কলকাতায় প্রথমবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের জামাত

অনলাইন ডেস্ক: সাম্য, ত্যাগ ও মানবিকতার অনন্য বার্তা নিয়ে আজ বৃহস্পতিবার (২৮ মে) গোটা ভারতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দান সহ বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।

 

ভারতীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। তবে প্রথমবারের মতো রেড রোডের বদলে ঈদের জামাত অনুষ্ঠিত হয় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। হাজার হাজার মুসল্লি সেখানে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 

কলকাতার রেড রোডের ঈদের জামাত দেশের অন্যতম বৃহৎ জামাত হিসেবে পরিচিত। প্রতি বছর সহস্রাধিক মুসল্লির উপস্থিতিতে সেখানে নামাজ অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসার পর এবার সেই ঐতিহ্যের নতুন ঠিকানা- ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।

 

প্রথমবারের আয়োজনে ব্রিগেড ময়দানে নামাজের জন্য তৈরি করা হয়েছিল বিশেষ ইমামতি মঞ্চ। গোটা মাঠজুড়ে বসানো হয়েছিল শতাধিক লাউডস্পিকার, যাতে দূরবর্তী মুসল্লিরাও সহজে খুতবা ও নামাজে অংশ নিতে পারেন। মুসল্লিদের সুবিধার কথা মাথায় রেখে এই প্রথম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ছিল অস্থায়ী শৌচাগার ও গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা।

 

ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করেছে কলকাতা পুলিশ এবং খিলাফত কমিটি।

 

খিলাফত কমিটির দায়িত্বপ্রাপ্ত ইশতেক আহমেদ জানান, রেড রোড মুসলিম সম্প্রদায়ের আবেগ ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। ১৯২০ সাল থেকেই খিলাফত কমিটি কলকাতায় ঈদের নামাজের আয়োজন করে আসছে। ১৯৭৮ সাল থেকে নিয়মিতভাবে রেড রোডে বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হতে শুরু করে এবং ২০২৫ সাল পর্যন্ত সেই ধারাই বজায় ছিল। তবে এবার নতুন সরকারের আমলে সেই আয়োজন স্থানান্তরিত হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।

 

নতুন এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন বহু মুসল্লি। তাদের বক্তব্য, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডও কলকাতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। বহু রাজনৈতিক ও সামাজিক ঘটনার সাক্ষী এই মাঠে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঈদুল আজহার প্রধান জামাত, যা এবারের ঈদকে আরো বিশেষ তাৎপর্য এনে দিয়েছে।

 

এদিকে কলকাতার পাশাপাশি রাজ্যটির বিভিন্ন জেলাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

 

মুসলিমদের কাছে এই দিনটি ত্যাগের। স্বভাবতই নামাজ আদায়ের পরই মুসলিম সম্প্রদায়ের মানুষরা নিজেদের সাধ্যমত পশু কোরবানি দেন। পশ্চিমবঙ্গে পশু কোরবানির ক্ষেত্রে গরু কোরবানির ওপর সরকারি নিয়ন্ত্রণ থাকায় বিতর্ক এড়াতে গরুর বদলে ছাগল, দুম্বা কোরবানি দিয়েই ঈদ পালন করছে মুসলিম সম্প্রদায়ের মানুষজন।

 

পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই, উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরা, জম্মু-কাশ্মীর, বিহারসহ দেশের প্রতিটি জায়গায় যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে ঈদুল আজহা।

 

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদরা, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ রাজনৈতিক নেতারা।

 

ঈদুল আজহা উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়ে ‘এক্স’ হ্যান্ডালে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “ঈদুল আজহার শুভেচ্ছা! এই উপলক্ষটি আমাদের সমাজে ভ্রাতৃত্ব ও আনন্দের চেতনাকে আরো গভীর করুক। সবার সাফল্য ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।”

 

আজ বৃহস্পতিবার ভারতের বেশিরভাগ অংশে বৃহস্পতিবার ঈদ উদযাপিত হলেও ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের কিছু অংশসহ কয়েকটি অঞ্চলে সৌদি আরবের সঙ্গে মিল রেখে গতকাল বুধবার এই উৎসবটি পালিত হয়েছে।