বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ

সংবাদদাতা: নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে (২০ মে) ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণে জেলার ১০০ জন দুগ্ধ খামারী অংশগ্রহণ করেন।

ব্র্যাকের যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মাহাবুব হাসান এর সভাপতিত্বে ও সাতক্ষীরা এরিয়ার ভেটেরিনারি সার্জন ডাঃ তাজ মোহাম্মদ তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, আশাশুনি উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম, সদর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আবুল কাশেম, ব্র্যাকের এরিয়া ম্যানেজার সোহেল রানাসহ আরো অনেকে।

 

প্রশিক্ষণে নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণের প্রধান চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও খামারে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে ভেজাল মুক্ত নিরাপদ দুধ সংগ্রহের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে নিরাপদ দুধ উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো ভেজালযুক্ত দুধ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ব্যাপারে দেশব্যাপী জনমত গড়ে তোলা সময়ের দাবী। দুধ উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে দুধ যেন নিরাপদ থাকে সে ব্যাপারে ব্র্যাক ডেইরি নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে খামারী ও সোসাইটি ম্যানেজার ভাইদের আরো বেশি সচেতন করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিদিন খামারীদের উৎপাদিত দুধের একটি বড় অংশ ব্র্যাক ডেইরি সংগ্রহ করে থাকে। ব্র্যাক সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে ব্র্যাক কঠোর মান নিয়ন্ত্রণ ও সতর্কতা অবলম্বন করে থাকে। বিভিন্ন সময়ে আমরা চিলিং সেন্টারে ভিজিট গিয়েও দুধ সংগ্রহের ও সংরক্ষণের পদ্ধতি দেখে সন্তুষ্ট হয়েছি। আগামী দিনেও ব্র্যাক ডেইরি গুণগত মান সম্পন্ন দুধ সংগ্রহ করে নিরাপদভাবে ভোক্তাদের হাতে পৌঁছে দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া নিরাপদ দুধ সংগ্রহের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের কোন সহযোগিতা লাগলে তিনি তা দেয়ার আশ্বাস দেন।

প্রশিক্ষণের বিশেষ অতিথি তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে, আজকে প্রশিক্ষণের মাধ্যমে এলাকার দুগ্ধ খামারিরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে আরও স্বাস্থ্য সম্মতভাবে দুধ সংগ্রহ ও পরিবহনের উপর জোর দিবেন। খামার গড়ে তুলতে সক্ষম হবেন। সব ধরনের ভেজাল ও দূষণ হতে বিরত থেকে নিরাপদ দুধ সরবরাহ করবেন।
এ সময় স্থানীয় খামারী, কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবধর্মী হিসেবে উল্লেখ করেন। প্রশিক্ষণার্থীগণ ব্র্যাক ডেইরির এ ধরনের উদ্যোগ এর ভূয়সী প্রশংসা করেন এবং তারা ব্র্যাক ডেইরির সঙ্গে থেকে নিয়মিত দুধ সরবরাহের প্রতিশ্রুতি প্রদান করেন। তারা ব্র্যাক ডেইরির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য আহ্বান করেন।

 

প্রশিক্ষণটিতে জেলার প্রায় ১০০ জন খামারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক দুগ্ধ খামারীকে ব্র্যাক ডেইরির পক্ষ থেকে দুগ্ধ সামগ্রী রাখার জন্য ১টি করে মিল্ক ক্যান প্রদান করা হয়।

Ads small one

ডুমুরিয়ায় জৈব বালাইনাশক ব্যবহারের ওপর কৃষক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:১১ পূর্বাহ্ণ
ডুমুরিয়ায় জৈব বালাইনাশক ব্যবহারের ওপর কৃষক কর্মশালা

 

নিজস্ব প্রতিনিধি: পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাসায়নিক মুক্ত চাষাবাদের লক্ষ্যে খুলনার ডুমুরিয়ায় জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) ব্যবহারের ওপর এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার মালতিয়া ক্লাবে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) এবং পরিবেশবান্ধব আধুনিক কৃষি প্রযুক্তির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে স্থানীয় কৃষি উদ্যোক্তা, খুচরা বিক্রেতা ও এলাকার প্রায় ৫০ জন কৃষক অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ খুলনার আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাতক্ষীরার কারিগরি বিক্রয় কর্মকর্তা (টিএসও) রবিউল ইসলাম। কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি তাঁদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড সবজি বীজ ও জৈব বালাইনাশক বিতরণ করা হয়।

 

ইউনিয়ন পর্যায়ে চার প্রতিযোগিতায় প্রথম পাতলা প্রাথমিকে পড়া বেদান্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:০৭ পূর্বাহ্ণ
ইউনিয়ন পর্যায়ে চার প্রতিযোগিতায় প্রথম পাতলা প্রাথমিকে পড়া বেদান্ত

 

নিজস্ব প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদকÑ২০২৬ প্রতিযোগিতায় ইউনিয়ন পর্যায়ে দারুণ সাফল্য পেয়েছে পাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বেদান্ত বাবু। সে চিত্রাংকন প্রতিযোগিতার পাশাপাশি বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান কুইজÑসব কটিতেই প্রথম স্থান অর্জন করেছে।
বুধবার ইন্দুহাঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় চারটি বিষয়ে প্রথম হয়ে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখে বেদান্ত।
বেদান্ত বাবুর এই অসাধারণ সাফল্যে পাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়জুড়ে এখন আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোনালী বসুসহ সহকারী শিক্ষক সরস্বতী বিশ্বাস, শাহানাজ পারভীন, মিনা বালা, অনিমা গাইন ও অনুপ বালা তার এই অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করেছেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী বেদান্ত বাবুর হাতে পুরস্কার তুলে দেন ইন্দুহাঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল কুমার রায়। এ সময় সহকারী শিক্ষক মিহির পাটারী, রাজীব সিকদার, আরতী বিশ্বাস ও জীবনানন্দ বিশ্বাস উপস্থিত থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানান।
বেদান্ত বাবুর বাবা-মা ও শিক্ষকেরা জানিয়েছেন, ইউনিয়ন পর্যায়ের এই সাফল্য পেরিয়ে সে যেন সামনের উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতাগুলোতেও এই ধারা বজায় রাখতে পারে, সে জন্য তারা সবার আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।

দেবহাটায় তুচ্ছ ঘটনায় গৃহবধূকে মারধর

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:০৬ পূর্বাহ্ণ
দেবহাটায় তুচ্ছ ঘটনায় গৃহবধূকে মারধর

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেট শেখপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে বেধড়ক মারধর ও কানের দুল ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত ওই গৃহবধূর নাম শামীমা আক্তার। তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও আহতের পরিবার সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে বুধবার সকাল ১১টার দিকে কুলিয়া ইউনিয়ন পরিষদে টিকেট গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী আশুরা খাতুনের সঙ্গে শামীমা আক্তারের কথা-কাটাকাটি হয়। সে সময় উপস্থিত লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হলে উভয় পক্ষ বাড়ি ফিরে যায়।
আহত শামীমার স্বামী ও মাদ্রাসা শিক্ষক ফরহাদ গাইন অভিযোগ করে বলেন, “বিকেল পাঁচটার দিকে আমার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে সামনের রাস্তায় এলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা চালায়। রহমত শেখের ছেলে সালামত হোসেন (বাবু), তার স্ত্রী খুকুমণি এবং মফিজুলের স্ত্রী আশুরা খাতুনসহ কয়েকজন মিলে শামীমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে।”
ফরহাদ গাইন আরও অভিযোগ করেন, “মারধরের একপর্যায়ে হামলাকারীরা শামীমার দুই কান টেনে ছিঁড়ে স্বর্ণের দুল এবং গলার চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।”
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, “ঘটনাটি শুনেছি। তবে এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো থানায় জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”