সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল আজ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ক্ষুদে শিক্ষার্থীদের ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক ও বালিকা) জেলা পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আজ বিকেল ৩টায় শিরোপা নির্ধারণী এই লড়াই শুরু হবে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলা শেষে এখন জেলা পর্যায়ের চূড়ান্ত পর্ব চলছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে সেমিফাইনালের চারটি ম্যাচ। মাঠের লড়াইয়ে বালক ও বালিকা—উভয় বিভাগেই দেখা গেছে হাড্ডাহাড্ডি লড়াই।
বালক বিভাগ: প্রথম সেমিফাইনালে সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে আশাশুনির আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ওঠে। দিনের অন্য ম্যাচে কালিগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে তালাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
বালিকা বিভাগ: মেয়েদের লড়াইয়ে দাপট দেখিয়েছে শ্যামনগর ও কালিগঞ্জ। শ্যামনগরের পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলের বড় ব্যবধানে দেবহাটার হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। অন্য ম্যাচে কালিগঞ্জের এন. এন. টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে তালা উপজেলার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালের টিকিট পায়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতেই প্রতিবছর এ আয়োজন করা হয়। এটি শিক্ষার্থীদের সহিষ্ণুতা ও মেধা বিকাশে বড় ভূমিকা রাখছে।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আখতার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। আজকের ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেবেন আমন্ত্রিত অতিথিরা।









