শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সংবাদদাতা: সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কবির সংগ্রামী জীবন, সাহিত্যকর্ম ও সমাজভাবনা নিয়ে আলোচনা সভা, আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহিদ নাজমুল সরণিতে অবস্থিত ম্যানগ্রোভ সভাঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ, সাতক্ষীরা নাট্যদল (সানাদ) ও স্বরবৃত্ত একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি পল্টু বাশার।

অনুষ্ঠানে আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, এড. সৈয়দ ইফতেখার আলী, অধ্যক্ষ আশেক-ই এলাহি, ও কবি নাজমুন নাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি আমিরুল বাশার ও কবি শুভ্র আহমেদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কবি সুকান্ত ভট্টাচার্য স্বল্পায়ু হলেও বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখে গেছেন। মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করা এই কবি অল্প সময়ের সাহিত্যজীবনেই মানুষের দুঃখ-কষ্ট, শোষণ-বঞ্চনা, সংগ্রাম ও স্বপ্নকে তাঁর কবিতায় তুলে ধরেছেন। তিনি ছিলেন সাধারণ মানুষের কবি। তাঁর সাহিত্যকর্মে সমাজতান্ত্রিক চিন্তাধারা, মানবমুক্তির আকাঙ্ক্ষা এবং সমকালীন রাজনৈতিক-সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে।

বক্তারা আরও বলেন, সুকান্ত ভট্টাচার্যের কবিতা ও রাজনীতি যেন পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। তাঁর লেখায় শোষিত মানুষের অধিকার, সাম্য ও বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। শিশুদের নিয়েও তিনি লিখেছেন গান ও কবিতা। রুশ বিপ্লবসহ তৎকালীন বিশ্বের নানা রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রভাবও তাঁর সাহিত্যচিন্তায় প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, কবি গাজী শাহাজান সীরাজ, কবি শহিদুর রহমান, ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক কাজী মাসুদুল হক, কবি গুলশান আরা, রাবেয়া খাতুন রুপা, কবি মনিরুজ্জামান, মাহফুজা হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীরা।

অনুষ্ঠানে বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু ও মনজুরুল হক সংগীত পরিবেশন করেন। পাশাপাশি সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তির মাধ্যমে কবির সাহিত্য ও সংগ্রামী চেতনাকে স্মরণ করা হয়।

এসময় অতিথিরা ‘মিঠেকড়া’ নামে একটি পত্রিকার মোড়ক উন্মোচন করেন। সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও দর্শনার্থীদের উপস্থিতিতে ম্যানগ্রোভ সভাঘর প্রাণবন্ত হয়ে ওঠে।

Ads small one

আশাশুনির কাদাকাটিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
আশাশুনির কাদাকাটিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটির যদুয়াডাঙ্গায় মনসা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় নদীতে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে বিভিন্ন বয়সী মানুষ ভিড় জমান।

প্রতিযোগিতায় কাদাকাটি ও আশপাশের এলাকা থেকে একাধিক নৌকা অংশ নেয়। নির্ধারিত দূরত্বের নদীপথে দ্রুতগতিতে নৌকা চালিয়ে প্রতিযোগিতা করেন মাঝিরা। বৈঠার ছন্দ, নৌকার গতি এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

নৌকা বাইচকে ঘিরে নদীর দুই পাড়ে গ্রামীণ মেলা বসে। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষÑসব বয়সী মানুষের উপস্থিতিতে এলাকাটিতে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। অনেকেই মোবাইল ফোনে নৌকা বাইচের দৃশ্য ধারণ করেন।

সাবেক ইউপি সদস্য অমৃত কুমার সানার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদাকাটি ইউপির চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা তুহিনুল্লাহ তুহিন, জহির রায়হান, আব্দুল হান্নান ও মিজানুর রহমান মন্টুর প্রতিনিধি। প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অধিকারী ট্যাংরাখালী এবং দ্বিতীয় স্থান অধিকারী বামনডাঙ্গা নৌকা দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সুরের ধারায় শারদ সন্ধ্যা: খুলনায় কবীর-লালন ভাবসংগীত উৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
সুরের ধারায় শারদ সন্ধ্যা: খুলনায় কবীর-লালন ভাবসংগীত উৎসব

পত্রদূত ডেস্ক: শরতের মেঘমুক্ত আকাশের নিচে আশ্বিনের এক সন্ধ্যায় সুর ও দর্শনের মেলবন্ধন ঘটল খুলনায়। শনিবার সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। পরম সত্তাকে খোঁজার এ সুরের সমারোহে মগ্ন হন উপস্থিত গুণীজনেরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। মানবধর্মের চিরন্তন বাণী স্মরণ করে তিনি বলেন, সন্ত কবীর ও ফকির লালন শাহ উপমহাদেশের দুই কালজয়ী মহাপুরুষ। জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণির সংকীর্ণ গ-ি পেরিয়ে মহৎ ও খাঁটি মানুষ হওয়াকেই তাঁরা জীবনের পরম সত্য বলে মেনেছেন। মাঝখানে প্রায় পাঁচ শতাব্দীর ব্যবধান থাকলেও উভয় সাধকই অসাম্প্রদায়িক চেতনার এক অলৌকিক সুতোয় বাঁধা ছিলেন। শরতের এই মরমী সুরের মধ্য দিয়ে নতুন প্রজন্ম এ মহান সাধকদের আদর্শ গভীরভাবে স্পর্শ করতে পারবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী আবদেল মাননানের সভাপতিত্বে মরমী এ সন্ধ্যায় বিশেষ অতিথির অলংকার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। পরবর্তী পর্বে ‘কবীর-লালন মিউজিক্যাল মিশন’-এর শিল্পীরা সুরের ঝরনাধারায় পরিবেশন করেন ভাবসংগীত, যা উপস্থিত শ্রোতাদের আত্মিক অনুভূতির এক অন্য জগতে নিয়ে যায়।

আশাশুনিতে নতুন ১০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন, বাড়ল বিদ্যুৎ সক্ষমতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
আশাশুনিতে নতুন ১০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন, বাড়ল বিদ্যুৎ সক্ষমতা

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনি জোনাল অফিসে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে সাতটি পুরোনো সিঙ্গেল ফেজ পাওয়ার ট্রান্সফরমার সরিয়ে নতুন ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন পাওয়ার ট্রান্সফরমার স্থাপন ও চালু করা হয়েছে।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আশাশুনি জোনাল অফিস সূত্রে জানা গেছে, নতুন ট্রান্সফরমার চালুর ফলে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বাড়ার পাশাপাশি গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিভ্রাট কমে আসবে। এতে সেবার মান উন্নত হবে।

আশাশুনি জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-ওঅ্যান্ডএম) প্রকৌশলী মো. মাহমুদুল হাসান জানান, নতুন ১০ এমভিএ ট্রান্সফরমারে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। ফলে আগামী ২০ থেকে ৩০ বছর পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের চাহিদা ও লোড বৃদ্ধি পেলেও তা সহজে মোকাবিলা করা সম্ভব হবে।

নতুন ট্রান্সফরমার চালুর মধ্য দিয়ে আশাশুনির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।