বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরার বৈশাখী উদ্যোক্তা মেলায় দর্শনার্থীর ঢল, জমজমাট বেচাকেনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
সাতক্ষীরার বৈশাখী উদ্যোক্তা মেলায় দর্শনার্থীর ঢল, জমজমাট বেচাকেনা

ইব্রাহিম খলিল: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বিসিক আয়োজিত বৈশাখী উদ্যোক্তা মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সাত দিনব্যাপী এই মেলার আজ পঞ্চম দিন। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গণে আয়োজিত মেলাকে ঘিরে সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে মানুষের ভিড় দেখা যায়। বিশেষ করে বিকেল ও সন্ধ্যায় শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ পরিবার-পরিজন নিয়ে মেলায় আসছেন। তারা কেনাকাটার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন। নানা রঙের স্টল, দেশীয় পণ্য ও ঐতিহ্যবাহী সামগ্রীতে সাজানো মেলাটি দর্শনার্থীদের আকর্ষণ করছে।
শনিবার (১৮ এপ্রিল) মেলা প্রাঙ্গণে বিভিন্ন বয়সী দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এতে উদ্যোক্তাদের বেচাকেনাও বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে হাতে তৈরি পোশাক, মাটির তৈরি পণ্য, গৃহস্থালি সামগ্রী, পাট ও বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী এবং শিশুদের খেলনার চাহিদা বেশি দেখা যাচ্ছে।
মেলায় স্টল দেওয়া স্থানীয় এক উদ্যোক্তা নুর জাহান বলেন, নববর্ষ উপলক্ষে মেলায় মানুষের উপস্থিতি অনেক বেশি। বিশেষ করে বিকেলের পর থেকে আমাদের স্টলে ভিড় বাড়ে। হাতে তৈরি পোশাক ও নারীদের ব্যবহার্য পণ্য বেশি বিক্রি হচ্ছে।
ঢাকা থেকে আসা নাহার কালেকশন-এর উদ্যোক্তা সামছুন্নাহার বলেন, মেলায় প্রচুর মানুষের ভিড় রয়েছে, তবে ঢাকা থেকে এসে খরচ তোলা কষ্টকর হবে। তারপরও এসেছি সাতক্ষীরায় কী ধরনের মালামাল চলে সেটা বোঝার জন্য।
মেলায় পরিবার-পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনেকে পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি কেনাকাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন।
পরিবার নিয়ে মেলায় আসা দর্শনার্থী মো.নাজমুস সাকিব বলেন, প্রতি বছরই আমরা পরিবার নিয়ে বৈশাখী মেলায় আসি। এখানে এসে শিশুদের আনন্দ দেখতেই সবচেয়ে ভালো লাগে। পাশাপাশি দেশীয় নানা পণ্য একসঙ্গে পাওয়া যায়, যা আমাদের জন্য সুবিধাজনক।
আরেক দর্শনার্থী সাজেদুল ইসলাম বলেন, পরিবার নিয়ে বিকেলের দিকে মেলায় এসেছি। শিশুদের জন্য খেলনা ও বিভিন্ন খাবারের আয়োজন আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানও খুব ভালো লাগছে। এমন আয়োজন প্রতিবছর হলে ভালো লাগে।
মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের বিষয়ে বিসিকের কর্মকর্তা বলেন, সাতক্ষীরার ঐতিহ্যবাহী কুটিরশিল্প এখানে প্রদর্শন করা হচ্ছে। এই মেলায় স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোক্তাদের একটি মিলনমেলা তৈরি হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজন ছিল। এই আয়োজনের অংশ হিসেবে আমরা বৈশাখী উদ্যোক্তা মেলার আয়োজন করেছি। বৈশাখী উদ্যোক্তা মেলার প্রধান উদ্দেশ্য স্থানীয় যারা উদ্যোক্তা রয়েছে যেমন অনেকে নকশীর কাজ করে, কাঠ দিয়ে বিভিন্ন সুন্দর শোপিস তৈরি করে এমন বিভিন্ন ধরনের ও বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের এখানে সুযোগ দেওয়ার চেষ্টা করেছি।
জেলা প্রশাসন ও বিসিকের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈশাখী উদ্যোক্তা মেলা স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ সৃষ্টি করার পাশাপাশি নববর্ষের উৎসবমুখর পরিবেশে শহরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।

Ads small one

সাতক্ষীরা সরকারি কলেজে মানবতার দেওয়াল স্থাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
সাতক্ষীরা সরকারি কলেজে মানবতার দেওয়াল স্থাপন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সরকারি কলেজে সমাজের অসহায়, ছিন্নমূল দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবতার দেওয়াল স্থাপন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য’র দিক নির্দেশনায় স্টার বিডি’র পরিচালক উৎসব এর সহযোগিতায় সরকারি কলেজে মানবতার দেওয়াল স্থাপন এর উদ্ধোধন করেন কলেজ ছাত্রদল নেতা শেখ মিনহাজ আলম মুন।
মানবতার দেওয়াল স্থাপন বিষয়ে কলেজ ছাত্রদল নেতা শেখ মিনহাজ হোসেন মুন বলেন, এটি মুলত স্থাপন করা হয়েছে সমাজের অসহায়, ছিন্নমূল, দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এই মানবতার দেওয়ালে সমাজের বিত্তবানরা তাদের ব্যবহারযোগ্য অতিরিক্ত পোশাক এখানে রেখে যেতে পারবেন আর সেই পোশাক এখান থেকে গরীব, অসহায়, ছিন্নমূল মানুষেরা বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রেখে আরো বলেন, এই মানবতার দেওয়াল এর কার্যক্রম চলমান থাকবে।

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় বুধবার (২৪ জুন) রুপান্তরের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রার আয়োজন করা হয়। নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে রুপান্তরের গোফর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় সুইজারল্যান্ড, ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, রুপান্তর কর্মকর্তা তুষার বড়ু–য়া প্রমুখ।

গাবুরায় উন্মুক্ত বাজেট সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
গাবুরায় উন্মুক্ত বাজেট সভা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন)সকালে ইউপি হল রুমে গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম চার কোটি ছয় লক্ষ সাতাত্তর হাজার আট শত টাকার বাজেট ঘোষণা করেন। রুপান্তরের গোফর ইমপ্যাক্ট প্রকল্পের সহায়তায় গাবুরা ইউপির আয়োজনে উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার, মশিউর রহমান, গোলাম মোস্তফা,ইমাম হাসান, প্রশাসনিক কর্মকর্তা গৌরাঙ্গ মন্ডল, শিক্ষক খায়রুল ইসলাম, মো. আজিয়ার রহমান, শফিকুল ইসলাম, আ. রউফ মোল্যা, রুপান্তর কর্মকর্তা মো. মিনহাজুল হক,মৎস্যচাষি সাইফুল ইসলাম প্রমুখ।