সিএসও সদস্যদের নিয়ে ৩ দিনের অ্যাডভোকেসি প্রশিক্ষণ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (সিএসও) প্রতিনিধিদের জন্য তিন দিনব্যাপী অ্যাডভোকেসি, জবাবদিহিতা ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স-এর ‘স্পিক আপ’ প্রকল্পের আওতায় সাতক্ষীরার অগ্রগতি রিসোর্টে ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সাতক্ষীরার ১১টি সংগঠনের ২১ জন প্রতিনিধি অংশ নেন। কর্মশালায় নাগরিক সংগঠনের ভূমিকা, মানবাধিকারের মৌলিক ধারণা, শিশু অধিকার ও সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা, লিঙ্গভিত্তিক সংবেদনশীলতা, ডিজিটাল অধিকার ও নিরাপত্তা, অ্যাডভোকেসি কৌশল এবং কমিউনিটি জবাবদিহিতা বিষয়ে সেশন পরিচালনা করা হয়।
প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন ‘স্পিক আপ’ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. নূর জামান, কমিউনিটি অর্গানাইজার আফরোজা সুলতানা এবং প্রজেক্ট অফিসার সাহাল-উল ইসলাম।
প্রশিক্ষকবৃন্দ জানান, মাঠপর্যায়ে মানবাধিকার ও শিশু সুরক্ষায় কাজ করতে গিয়ে সিএসও সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং অ্যাডভোকেসির কৌশলগুলো সঠিকভাবে প্রয়োগ করার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এছাড়া, প্রশিক্ষণে ‘ডু-নো-হার্ম’ (কোনো ক্ষতি না করা) নীতি মেনে কমিউনিটির সমস্যা সমাধানে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা তাঁদের সাংগঠনিক কাজে আরও পেশাদারিত্ব ও দক্ষতা নিয়ে কাজ করতে পারবেন।







