সীমান্তে বিজিবি’র অভিযানে ১৫ লাখ টাকার পণ্য আটক
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ১৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন সীমান্ত চৌকির (বিওপি) টহলদল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, চিংড়ি মাছের রেণু পোনা, শাড়ি, ওষুধ এবং ১৯০ বোতল নেশাজাতীয় কফ সিরাপ। আটককৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৩১ হাজার টাকা। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৩৩ বিজিবি’র আভিযানিক দলগুলো সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে ওই মালামাল আটক করে।
কুশখালি বিওপির টহলদল সাতক্ষীরা সদরের কলমোড় এলাকা থেকে ৬,৫০,০০০ টাকার এবং কালিয়ানী বিওপি খৈতলা এলাকা থেকে ২,৬০,০০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ দল সদরের কুলিয়া রোড এলাকা থেকে ৩,০০,০০০ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা জব্দ করে। ঘোনা বিওপির একটি দল দাঁতভাঙ্গা মাঠ এলাকা থেকে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে। চান্দুরিয়া বিওপি কলারোয়ার কাদপুর এলাকা থেকে ৭২,০০০ টাকার এবং পদ্মশাখরা বিওপি সদরের সিরামপুর এলাকা থেকে ৪,০০০ টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ কফ সিরাপ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির টহলদল কলারোয়া থানার কেড়াগাছি এলাকা থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
বিজিবি জানায়, অবৈধভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়।









