সীমান্তে বিজিবির অভিযানে ৪ লক্ষাধিক টাকার পণ্য আটক
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ লাখ ২৫ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহল দল এসব মালামাল উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, পদ্মশাখরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন হাড়দ্দাহ নামক স্থান থেকে ৭৫,৯০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। স্থানটি সীমান্ত পিলার ১/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।
অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির একটি দল কলারোয়া থানাধীন ভাদিয়ালী এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। এ ছাড়া মাদরা বিওপির আরেকটি দল একই থানার রাজপুর নামক স্থান থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করতে সক্ষম হয়।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব ভারতীয় পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।








