সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে সতর্ক অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
সীমান্তে সতর্ক অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থান জোরদার করেছে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। রাতের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের পাশাপাশি থার্মাল ক্যামেরাযুক্ত ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।
গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।
তিনি জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করতে থার্মাল ক্যামেরাযুক্ত ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতের সঙ্গে ৪ হাজার ১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে বিজিবির যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার। এ অঞ্চলে যশোর রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে দায়িত্ব পালন করছে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত যশোর রিজিয়নের অধীন ব্যাটালিয়নগুলোর অভিযানে ১৫৫ জন আসামিসহ মোট ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
আটক মালামালের মধ্যে রয়েছে ৯ কেজি ৩৪৯ গ্রাম স্বর্ণ, ৯৪ কেজি ২৫০ গ্রাম কষ্টিপাথর, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, ৩ হাজার ১৯৯ বোতল বিদেশি মদ, ২ কেজি ৪২৮ গ্রাম হেরোইন, ২০৭ কেজি ৬১০ গ্রাম গাঁজা, ৭৭ হাজার ৪৭৮টি ইয়াবা, ১ হাজার ১৫৮ বোতল ফেন্সিডিল, ৭ কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২২ হাজার ৭৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।
অধিনায়ক আরও বলেন, সীমান্ত ব্যবহার করে কেউ যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ বা দেশ থেকে বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের নিরাপত্তা ও জনগণের জানমালের সুরক্ষায় নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির অস্বাভাবিক চলাচল কিংবা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা নজরে এলে নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর আহ্বান জানান।

 

 

Ads small one

কেন্দ্রীয় শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
কেন্দ্রীয় শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল

পত্রদূত ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নবগঠিত ৫১ সদস্যের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল করেছে জেলা শ্রমিক দল।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের সংগীতা মোড় থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।

কেন্দ্রীয় কমিটিতে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্যসচিব করায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার ও সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলীর নেতৃত্বে মিছিলে অংশ নেন জেলা শ্রমিক দলের সহসভাপতি শেখ মিলন হোসেন ও ইব্রাহিম খলিল টুটুল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সেজী, সদর উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, ভিআইপি শাখা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মো. আলতাফ হোসেন, নারিকেলতলা শ্রমিক দলের সভাপতি শেখ শাহজাহান আলী, জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আশরাফুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. আহাদ আলীসহ জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধীর টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধীর টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

সংবাদদাতা: সাতক্ষীরা জেলা জজ আদালত চত্বরে ক্যালেন্ডার বিক্রি করে জীবিকা নির্বাহ করেন দৃষ্টিপ্রতিবন্ধী বাদশাহ শাহজাহান সেলিম। টাকা ভাঙানোর কথা বলে তাঁর কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এতে ব্যবসার পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন তিনি।

বাদশাহ শাহজাহান সেলিম সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরার বসিরহাটপাড়ার বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিলর। দীর্ঘদিন ধরে জেলা জজ আদালত চত্বরে সরকারি ছুটির ক্যালেন্ডারসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুর ২টার দিকে কয়েকজন ব্যক্তি ক্যালেন্ডার কেনার কথা বলে তাঁর কাছে আসেন। এ সময় তাঁদের একজন টাকা ভাঙানোর কথা বলে তাঁর কাছ থেকে টাকা নেন। পরে কৌশলে টাকা নিয়ে চলে যান। বিষয়টি বুঝতে পেরে তিনি বিপাকে পড়েন।

বাদশাহ শাহজাহান সেলিম বলেন, অল্প পুঁজি নিয়ে ক্যালেন্ডার বিক্রি করে তাঁর সংসার চলে। প্রতিদিনের আয় দিয়েই পরিবারের খরচ চালাতে হয়। প্রতারণার ঘটনায় তাঁর ব্যবসার পুঁজি শেষ হয়ে গেছে। এখন নতুন করে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও জানান, ঘটনার দিন জেলা প্রশাসকও তাঁর কাছ থেকে একটি ক্যালেন্ডার কিনেছিলেন। অথচ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের এলাকাতেই এমন ঘটনা ঘটেছে।

প্রতারণার অভিযোগে টাকা হারিয়ে মর্মাহত সেলিম অভিযুক্ত ব্যক্তিদের টাকা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাঁদের শনাক্ত করতে এবং হারানো টাকা উদ্ধারে সহযোগিতার জন্য সমাজের বিবেকবান মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

ভুক্তভোগীর যোগাযোগ নম্বর: ০১৯৮৬৬২৭১৪৬। তিনি আর্থিক সহযোগিতাও কামনা করেছেন, যাতে হারানো পুঁজি ফিরে পেয়ে আবারও ছোট ব্যবসাটি চালু করতে পারেন।

শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বাগআঁচড়া (শার্শা) সংবাদদাতা: কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এতে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে চারতলা জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি মাস্টার জামাল উদ্দীন ও সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

পথসভায় বক্তারা বলেন, বাগআঁচড়ায় সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। এলাকার আইনশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তাঁরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।