সেনেরগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার সেনেরগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন তিনি।
এ সময় আসাদুজ্জামান আসাদ বলেন, শিক্ষিত সমাজ গঠনে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা জরুরি। গ্রামের অনেক মেধাবী শিক্ষার্থী নানা সীমাবদ্ধতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তাদের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। শিক্ষা উপকরণ বিতরণের এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে থাকতে চান। ধানদিয়া ইউনিয়নে শিক্ষার পরিবেশ উন্নয়ন, মেয়েদের শিক্ষায় উৎসাহিত করা এবং ঝরে পড়া রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, যাতে কোনো শিক্ষার্থী আর্থিক বা পারিবারিক সীমাবদ্ধতার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।
শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রকিব, প্রধান শিক্ষিকা হোসনেয়ারা খাতুন, সহকারী শিক্ষক সুব্রত কুমার, আজিজুল হকসহ অন্যান্য শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।









