এসএম শহীদুল ইসলাম
ঋতুচক্রে এখন বর্ষাকাল। আকাশজুড়ে মেঘের আনাগোনা আর রিনিঝিনি বৃষ্টির শব্দে চারদিকের তপ্ত প্রকৃতি শান্ত রূপ নিয়েছে। প্রকৃতির এই নতুন রূপ কেবল দেখার আনন্দই দেয় না, বরং পরিবেশকে নতুন করে সাজিয়ে তোলার সবচেয়ে উপযুক্ত সময়ও এটি। বিশেষ করে বৃক্ষরোপণের জন্য বর্ষার চেয়ে ভালো সময় আর হতেই পারে না। এই রূপান্তরকে আরও অর্থবহ করতে আজ সোমবার বেলা দুইটায় সাতক্ষীরা জেলাজুড়ে শুরু হচ্ছে জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ কর্মসূচি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ (লেইস) প্রকল্পের অধীনে এই কর্মসূচি আয়োজিত হচ্ছে। জেলার প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের দেড় হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই সবুজায়ন অভিযান পালিত হবে।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, জেলার প্রায় এক হাজার প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৫০ হাজার বৃক্ষচারার চাহিদা দেওয়া হয়েছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিনামূল্যে সরবরাহ করা হবে।
অন্যদিকে, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর জানান, জেলায় প্রায় ৫০০ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের আঙিনায় কমপক্ষে একটি ফলজ, একটি বনজ ও একটি ভেষজ উদ্ভিদ রোপণের নির্দেশনা দেওয়া হয়েছে। শুধু গাছ লাগানোই নয়, শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে র্যালি, সেমিনার, আলোচনাসভা, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও দেয়ালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রোপণের পর গাছের সঠিক যতœ ও পরিচর্যার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অক্সিজেন সরবরাহ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে গাছের ভূমিকা অপরিসীম। বর্তমানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ফলে আমরা নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছি। এই পরিস্থিতি থেকে উত্তরণের সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো ব্যাপক হারে বৃক্ষরোপণ। বর্ষাকালে মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকায় এবং বৃষ্টির পানির কারণে চারা গাছের শিকড় খুব দ্রুত মাটির গভীরে প্রবেশ করতে পারে। এ সময় প্রখর রোদ না থাকায় চারা মরে যাওয়ার ঝুঁকি থাকে না বললেই চলে এবং বাড়তি সেচেরও প্রয়োজন হয় না। ফলে প্রকৃতি নিজেই চারা গাছকে পরম যতেœ বড় করে তোলে।
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশসচেতনতা ছড়িয়ে দিতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিটি অত্যন্ত সময়োপযোগী। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুর মাঝে গাছ লাগানোর মানসিকতা তৈরি করা, যেন তারা নিজেদের চারপাশকে সবুজ করে তুলতে উদ্বুদ্ধ হয়।
বর্তমান সময়ে এই সবুজায়নের অভিযান আরও বেগবান করা জরুরি। বাড়ির আঙিনা, রাস্তার পাশে, পতিত জমি কিংবা ছাদবাগানেÑযেখানেই সুযোগ আছে, সেখানেই অন্তত একটি করে গাছ লাগানো উচিত। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আমরা যেমন নিজেদের পুষ্টি ও অর্থনৈতিক চাহিদা মেটাতে পারি, তেমনি পরিবেশকেও বাঁচাতে পারি বিপর্যয়ের হাত থেকে। আমাদের মনে রাখতে হবে, একটি গাছ লাগানো মানে কেবল একটি জীবন বাঁচানো নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী রেখে যাওয়া।
এবারের বৃক্ষরোপণ কর্মসূচিতে বেশ কিছু প্রেরণাদায়ী স্লোগান তুলে ধরা হয়েছে। যেমন: ‘বন্যা-ঘূর্ণিঝড় করবো জয়, জলবায়ু সচেতনতায় নেই ভয়।’ ‘লেইস প্রকল্পের অঙ্গীকার, সবুজ হবে বিদ্যালয় আমাদের সবার।’ ‘গাছ লাগিয়ে ভরবো দেশ, তৈরি হবে সবুজ বাংলাদেশ।’ ‘একটি গাছ একটু যতœ, লেইসের সবুজায়ন স্বপ্ন’, ‘সবুজ স্কুল সুন্দর মন, লেইস প্রকল্পের আয়োজন’, ‘শিক্ষাঙ্গনে সবুজের বার্তা, সবুজ বাংলাদেশের নবযাত্রা’, এবং ‘আজকের বৃক্ষরোপণ, আগামীর জলবায়ু সুরক্ষা’।
আসুন, এই বর্ষায় আমরা প্রত্যেকে অন্তত একটি করে চারা গাছ লাগাই এবং সেটির সঠিক যতœ নেওয়ার শপথ নিই। আপনার সামান্য একটু উদ্যোগই পারে এই পৃথিবীকে আরও সবুজ ও সুন্দর করে তুলতে। লেখক: বার্তা সম্পাদক, দৈনিক পত্রদূত, সাতক্ষীরা