১০ গোলের ম্যাচে মারিয়ারা শিখেছেন অনেক কিছু
এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচেই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। জাপানের ওসাকায় ‘এফ’ গ্রুপের ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে বড় ব্যবধানের এই হার থেকেও ইতিবাচক কিছু খুঁজে নিতে চান বাংলাদেশের মিডফিল্ডার মারিয়া। এশিয়ার অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচটিকে নিজেদের জন্য বড় শিক্ষার সুযোগ হিসেবেই দেখছেন তিনি।
মঙ্গলবার সকালেই জে-গ্রিন সাকাই স্পোর্টস সেন্টারে অনুশীলনে নেমে পড়ে বাংলাদেশ দল। বৃহস্পতিবার শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে শুরু হয়েছে জোর প্রস্তুতি।
সকালের অনুশীলন শেষে কথা বলার সময় বেশ শান্ত ও ইতিবাচকই দেখা যায় মারিয়াকে। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচটি যে কঠিন পরীক্ষার ছিল, সেটি অকপটে স্বীকার করেছেন তিনি।
মারিয়া বলেন, ‘তারা অনেক ভালো একটি দল এবং আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। মাঠে আমাদের যা করার সামর্থ্য ছিল, আমরা করেছি। এ ধরনের শীর্ষ দলের বিপক্ষে খেললে অনেক কিছু শেখার সুযোগ থাকে।’
আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে লড়াই করতে নিজেদের আরও উন্নতি করতে হবে বলেও মনে করেন এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমাদের এখনও বহুদূর যেতে হবে। এই মানের দলগুলোর বিপক্ষে লড়াই করতে চাইলে ভবিষ্যতে আমাদের আরও অনেক ভালো প্রস্তুতি নিতে হবে।’
আগামী বৃহস্পতিবার সাকাইতে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে ‘এফ’ গ্রুপে বাংলাদেশের লড়াই।










