৩ নম্বর বৈকারী ইউনিয়নে উন্মুক্ত বাজেট আলোচনা সভা
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ৩ নম্বর বৈকারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে আগামী ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বৈকারী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’ ও ‘আইন ও সালিশ কেন্দ্র’ (আসক)-এর যৌথ বাস্তবায়নে এবং সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত ‘এনগেজ নাউ’ প্রকল্পের অধীনে এই সভার আয়োজন করা হয়।
বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আবু মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় আগামী অর্থ বছরের খসড়া বাজেট বিবরণী উপস্থাপন করেন প্রশাসনিক কর্মকর্তা মনতোষ কুমার সাধু। সভায় পরিষদের সকল ওয়ার্ড সদস্য এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে স্থানীয় নাগরিকেরা তাঁদের এলাকার রাস্তাঘাট, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার সমস্যাগুলো তুলে ধরেন। এ ছাড়া এলাকার সচেতন নাগরিক ও নারীবাদীরা সামাজিক নিরাপত্তা জোরদার, নারী নির্যাতন প্রতিরোধ এবং দুস্থদের আইনি সহায়তা খাতের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার জোর দাবি জানান। সভায় স্বদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার মো. আজাহারুল ইসলাম ও হিসাবরক্ষক তাপস বিশ্বাস উপস্থিত ছিলেন।









