সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

অন্নকূট মহোৎসব: ভক্তি, কৃতজ্ঞতা ও প্রকৃতিপ্রেমের উৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ
অন্নকূট মহোৎসব: ভক্তি, কৃতজ্ঞতা ও প্রকৃতিপ্রেমের উৎসব

সচ্চিদানন্দ দে সদয়

অন্নকূট মহোৎসব হিন্দুধর্মের একটি প্রাচীন ও তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব। ‘অন্ন’ অর্থ খাদ্য এবং ‘কূট’ অর্থ স্তূপ বা পাহাড়। অর্থাৎ, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য দিয়ে পাহাড়ের মতো স্তূপ তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশে নিবেদন করাই অন্নকূটের মূল আয়োজন। এই উৎসবের মধ্য দিয়ে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা, অন্নের মর্যাদা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং জীবের কল্যাণ কামনার প্রকাশ ঘটে।

অন্নকূট মহোৎসবের সঙ্গে শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলার গভীর সম্পর্ক রয়েছে। বৈষ্ণব ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, একসময় বৃন্দাবনবাসী বৃষ্টির দেবতা ইন্দ্রের পূজা করতেন। বালক শ্রীকৃষ্ণ তাঁদের বোঝান, মানুষের জীবনধারণ ও জীবিকার জন্য প্রকৃতি, গোবর্ধন পর্বত, বনভূমি, নদী এবং গবাদিপশুর অবদান অপরিসীম। তাই প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।

শ্রীকৃষ্ণের পরামর্শে বৃন্দাবনবাসী গোবর্ধন পর্বতের পূজা ও অন্নভোগের আয়োজন করেন। এতে ক্রুদ্ধ হয়ে দেবরাজ ইন্দ্র প্রবল বৃষ্টি ও ঝড় সৃষ্টি করেন। তখন শ্রীকৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরে টানা সাত দিন বৃন্দাবনবাসী ও গবাদিপশুকে আশ্রয় দেন। অবশেষে ইন্দ্র নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করেন। এই লীলাকে স্মরণ করেই গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব পালিত হয়।

সাধারণত দীপাবলি বা কালীপূজার পরদিন কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে অন্নকূট মহোৎসব উদ্‌যাপিত হয়। এদিন মন্দিরে শ্রীকৃষ্ণের বিশেষ পূজা, আরতি, কীর্তন ও অন্নভোগ নিবেদনের আয়োজন করা হয়।

উৎসবের প্রধান আকর্ষণ নানা ধরনের খাবার দিয়ে অন্নের পাহাড় তৈরি করা। ভাত, খিচুড়ি, পোলাও, ডাল, তরকারি, মিষ্টি, ফলমূল, দুধ, দই, মাখন ও পায়েসসহ বিভিন্ন নিরামিষ পদ শ্রীকৃষ্ণের উদ্দেশে নিবেদন করা হয়।

অনেক মন্দিরে শ্রীকৃষ্ণের উদ্দেশে ৫৬ ধরনের খাবার নিবেদন করা হয়, যা ‘ছাপ্পান্ন ভোগ’ নামে পরিচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শ্রীকৃষ্ণ সাত দিন গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। প্রতিদিন আটবার আহারের হিসাব অনুযায়ী সাত দিনে ৫৬ বার ভোগ নিবেদনের ধারণা থেকেই এই প্রথার প্রচলন হয়েছে।

পূজা শেষে নিবেদিত খাবার প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। অনেক স্থানে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যেও অন্ন বিতরণের আয়োজন করা হয়।

অন্নকূট মহোৎসব কেবল একটি ধর্মীয় আচার নয়, এর মধ্যে নিহিত রয়েছে গভীর জীবনদর্শন। অন্ন মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন। কৃষক, মাটি, পানি, বৃষ্টি ও প্রকৃতির সম্মিলিত অবদানেই খাদ্য উৎপাদিত হয়। তাই অন্নের অপচয় রোধ এবং ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া এই উৎসবের অন্যতম মানবিক শিক্ষা।

গোবর্ধন লীলার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ প্রকৃতির গুরুত্ব ও পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দিয়েছেন। পাহাড়, নদী, বনভূমি, জলাশয় ও জীববৈচিত্র্য মানুষের জীবন ও জীবিকার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। প্রকৃতিকে অবহেলা করে মানুষের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়।

বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নদী-খাল ভরাট, লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট ও পরিবেশের অবক্ষয়ের প্রেক্ষাপটে অন্নকূটের প্রকৃতিবান্ধব শিক্ষা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও সম্পদের সুষম ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষার যে বার্তা এই উৎসব দেয়, তা বর্তমান সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক।

বাংলাদেশের বিভিন্ন মন্দির ও আশ্রমে ভক্তি, আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অন্নকূট মহোৎসব পালিত হয়। এ উৎসব মানুষে মানুষে সহযোগিতা, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন দৃঢ় করে।

অন্নকূট আমাদের শেখায়, অন্নের প্রতি শ্রদ্ধা মানে জীবনের প্রতি শ্রদ্ধা এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা মানে নিজের অস্তিত্বের উৎসকে সম্মান করা। ঈশ্বরের উদ্দেশে অন্ন নিবেদনের প্রকৃত সার্থকতা তখনই, যখন সেই অন্ন ক্ষুধার্ত মানুষেরও উপকারে আসে।

অন্নের পাহাড় শুধু প্রাচুর্যের প্রতীক নয়, এটি ভাগ করে নেওয়ারও শিক্ষা। ভক্তির সঙ্গে মানবসেবা, অন্নের সঠিক ব্যবহার এবং প্রকৃতি সংরক্ষণের অঙ্গীকার যুক্ত হলেই অন্নকূট মহোৎসবের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব।

(লেখক: সংবাদকর্মী)

Ads small one

দুই ইনিংসেই ৫০০ ছাড়ানো প্রথম দল জিম্বাবুয়ে!

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
দুই ইনিংসেই ৫০০ ছাড়ানো প্রথম দল জিম্বাবুয়ে!

ড্র হয়েছে ম্যাচ, কিন্তু ব্যাট হাতে ইতিহাস গড়েছে জিম্বাবুয়ে। টেস্ট ক্রিকেটে প্রথম দল হিসেবে এক ম্যাচের দুই ইনিংসেই ৫০০ বা তার বেশি রান করার কীর্তি গড়েছে তারা। সোমবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এই রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে।

প্রথম ইনিংসে ৫০৪ রান করে জিম্বাবুয়ে। জবাবে আফগানিস্তান তোলে ৫১৪ রান। এরপর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করে জিম্বাবুয়ে। ৫ উইকেটে ৫২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। তাতেই টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে দলটি।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের হয়ে ব্রেন্ডন টেলর করেন ১৩১ রান। অধিনায়ক ব্রায়ান বেনেটের ব্যাট থেকে আসে ১২৮ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে আলো ছড়ান ক্রেইগ আরভিন। অপরাজিত ২০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাতে টেস্টে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েছেন আরভিন। ওয়েসলি মাধেভেরে করেন ১০০ রান।

শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হলেও জিম্বাবুয়ের ব্যাটিং নৈপুণ্য স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে। দুই ইনিংসেই ৫০০ রান পেরিয়ে নতুন রেকর্ড গড়ার ম্যাচে অসাধারণ অবদানের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ব্রেন্ডন টেলর।

চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে আগের চেয়ে দ্বিগুণ ডলার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে আগের চেয়ে দ্বিগুণ ডলার

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই একজন ব্যক্তি চিকিৎসার প্রয়োজনে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।

একইসঙ্গে বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর প্রক্রিয়াও সহজ করা হয়েছে। এখন থেকে এ জন্য বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিতে হবে না। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সরাসরি অর্থ পাঠাতে পারবে। সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নতুন সিদ্ধান্তের ফলে বিদেশে চিকিৎসা ও পড়াশোনার জন্য অর্থ পাঠানোর ক্ষেত্রে গ্রাহকদের সময় ও প্রশাসনিক জটিলতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চিকিৎসায় ডলার নেওয়ার সীমা দ্বিগুণ

বাংলাদেশ ব্যাংকের আগের নিয়ম অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য একজন ব্যক্তি অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা নিতে পারতেন। এ জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মেডিক্যাল বোর্ড অথবা সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশ এবং বিদেশের হাসপাতালের সম্ভাব্য চিকিৎসা ব্যয়ের হিসাব জমা দিতে হতো।

তবে চিকিৎসার খরচ ১৫ হাজার ডলারের বেশি হলে অতিরিক্ত অর্থ ছাড়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিতে হতো। নতুন সার্কুলারে এই সীমা বাড়িয়ে ৩০ হাজার ডলার করা হয়েছে। ফলে এখন থেকে চিকিৎসার প্রয়োজনে একজন ব্যক্তি আগাম কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ৩০ হাজার ডলার পাঠাতে বা নিতে পারবেন।

বিশেষ করে ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ, আগের তুলনায় দ্বিগুণ অর্থ পাঠানোর সুযোগ তৈরি হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের জন্য অপেক্ষা করার প্রয়োজন কমবে। এর আগে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জারি করা সার্কুলারে বিদেশে চিকিৎসার জন্য ১৫ হাজার ডলার পর্যন্ত অর্থ নেওয়ার সুযোগ ছিল।

বিদেশে স্কুলের খরচ পাঠাতে সহজ হলো

বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। আগে এ ধরনের অর্থ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন নিতে হতো।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার খরচ পাঠাতে আর বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন লাগবে না। অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সরাসরি অর্থ পাঠাতে পারবে। তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে ব্যাংকগুলোকে।

এতে বিদেশে সন্তানদের পড়াশোনার খরচ পাঠাতে অভিভাবকদের প্রক্রিয়াগত জটিলতা ও সময়ের অপেক্ষা কমবে।

দূরশিক্ষণ কোর্সের ফি পাঠানোতেও অনুমোদন লাগবে না

বিদেশে করেসপনডেন্স বা দূরশিক্ষণ পদ্ধতিতে পরিচালিত নিয়মিত অ্যাকাডেমিক কোর্সের জন্য অর্থ পাঠানোর ক্ষেত্রেও নিয়ম সহজ করা হয়েছে। এখন থেকে এ ধরনের কোর্সের ফি পাঠাতে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিতে হবে না। অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই শেষে বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।

আরএফসিডি হিসাবে অর্থ জমায় নতুন শর্ত

বিদেশ থেকে দেশে ফেরার সময় সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাবে জমা রাখার নিয়মেও পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এ হিসাবে বৈদেশিক মুদ্রা জমা রাখতে হলে দেশে ফেরার সময় কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে সঙ্গে আনা অর্থের পরিমাণ ঘোষণা করতে হবে।

আগের নিয়মে কাস্টমস কর্তৃপক্ষের কাছে ঘোষণা দিয়ে আনা অর্থের পাশাপাশি ঘোষণা ছাড়া নগদে আনা সর্বোচ্চ ১০ হাজার ডলারও আরএফসিডি হিসাবে জমা রাখার সুযোগ ছিল। নতুন সার্কুলারে ঘোষণা ছাড়া আনা অর্থ জমা রাখার বিষয়ে আগের সুযোগের উল্লেখ নেই।

সব মিলিয়ে চিকিৎসা, শিক্ষা ও বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আনার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে চিকিৎসা ও শিক্ষার প্রয়োজনে বৈদেশিক মুদ্রা ব্যবহারের প্রক্রিয়া সহজ হলেও দেশে ফেরার সময় সঙ্গে আনা অর্থ ব্যাংকে জমার ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত হয়েছে।

মিউজে স্পেসেস সুবিধা, নিজের পছন্দমতো সাজানো যাবে এআই অভিজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
মিউজে স্পেসেস সুবিধা, নিজের পছন্দমতো সাজানো যাবে এআই অভিজ্ঞতা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারীকে দিয়ে একাধিক কাজ করানোর সময় প্রতিটি বিষয়ের তথ্য ও কথোপকথন আলাদাভাবে সংরক্ষণের সুযোগ দিতে ‘স্পেসেস’নামের নতুন সুবিধা চালু করেছে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা মিউজ এআই সহকারীর সঙ্গে নির্দিষ্ট কোনও কাজ বা প্রজেক্ট নিয়ে আলাদা ওয়ার্কস্পেস তৈরি করতে পারবেন। এর মাধ্যমে ভ্রমণসূচি তৈরি, অনুষ্ঠান ব্যবস্থাপনা কিংবা ব্যক্তিগত ও পেশাগত প্রজেক্টের বিভিন্ন তথ্য এক জায়গায় সংরক্ষণ ও পরিচালনা করা যাবে।

নতুন সুবিধাটি মূলত মিউজের সঙ্গে বিষয়ভিত্তিক আলাদা কথোপকথনের সুযোগ তৈরি করবে। মিউজের সঙ্গে চ্যাট করার ইন্টারফেসের সাইডবারে প্রতিটি স্পেস দেখা যাবে। ব্যবহারকারী কোনও নির্দিষ্ট কাজের জন্য স্পেস তৈরি করলে সেটি নিয়ে মিউজের সঙ্গে পরবর্তী সব আলোচনা ওই জায়গাতেই চালিয়ে যেতে পারবেন। এতে আগের কথোপকথনের তথ্য ধরে কাজ এগিয়ে নেওয়া সহজ হবে। একই সঙ্গে একাধিক প্রজেক্টের তথ্য এক চ্যাটে মিশে যাওয়ার আশঙ্কাও কমবে।

স্পেস তৈরি করতে ব্যবহারকারীকে শুধু চ্যাটে নিজের পরিকল্পনা বা প্রয়োজনের কথা জানাতে হবে। মেটার ভাষ্য, ব্যবহারকারীর বর্ণনা অনুযায়ী মিউজ নিজেই সংশ্লিষ্ট স্পেস তৈরি করে দিতে পারবে। স্পেসগুলো শুধু কথোপকথনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এগুলোকে ট্র্যাকার, প্ল্যানার কিংবা প্রকল্প ব্যবস্থাপনার টুল হিসেবেও সাজানো যাবে। যেমন, কোনও অনুষ্ঠানের আয়োজনের জন্য তৈরি স্পেসে প্রস্তুতির বিভিন্ন ধাপ, প্রয়োজনীয় সামগ্রী ও খরচের হিসাব রাখা যাবে। একইভাবে কেনাকাটার জন্য আলাদা স্পেস তৈরি করে পণ্যের তালিকা ও কেনাকাটার অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

নতুন সুবিধায় তৃতীয় পক্ষের অ্যাপ ও তথ্য যুক্ত করার সুযোগও থাকছে। এর ফলে সংশ্লিষ্ট সেবাগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে স্পেস হালনাগাদ রাখা যাবে। উদাহরণ হিসেবে, কোনও কনসার্টের তারিখ পরিবর্তন, পণ্যের দাম কমা কিংবা সঞ্চয়ের অগ্রগতির মতো তথ্য ব্যবহারকারীকে বারবার মিউজকে জিজ্ঞাসা করতে হবে না। সংযুক্ত অ্যাপ থেকে নতুন তথ্য পাওয়া গেলে তা স্বয়ংক্রিয়ভাবেই সংশ্লিষ্ট স্পেসে যুক্ত হবে বলে জানিয়েছে মেটা।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, তিনি মিউজের স্পেসেস ব্যবহার করে বারবিকিউ আয়োজনের গেম, ইভেন্ট ট্র্যাকার এবং বাড়ির বিভিন্ন যন্ত্র নিয়ন্ত্রণের ড্যাশবোর্ড তৈরি করেছেন।

মিউজ এআই সহকারী চালুর দুই মাসের কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডায় এর ব্যবহারকারী ১ কোটি ছাড়িয়েছে বলে অক্টোবরে জানিয়েছিলেন জাকারবার্গ। স্পেসেস ছাড়াও গত সপ্তাহে ‘মিউজ ভয়েস’নামে আরেকটি সুবিধা ঘোষণা করেছে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও কথোপকথন ও মুখে নির্দেশনা দেওয়ার সুযোগ পাবেন।