শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

অবশেষে আসছে কাঙ্ক্ষিত পেপাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
অবশেষে আসছে কাঙ্ক্ষিত পেপাল

অনলাইন ডেস্ক: বাংলাদেশে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল চালুর আলোচনা যেন এক দীর্ঘ প্রতীক্ষার গল্প। এক দশকেরও বেশি সময় ধরে বারবার আশার সঞ্চার, উদ্যোগের ঘোষণা, উচ্চপর্যায়ের বৈঠক— কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়নের ক্ষেত্রে বারবারই ব্যর্থতা।

তবে এবার প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ঘোষণা দিয়েছেন— বাংলাদেশে পেপালের কার্যক্রম চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে, এমনকি এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে।

২০১৬ থেকে অপেক্ষা

বাংলাদেশে পেপাল চালুর আলোচনা শুরু হয় মূলত ২০১০-এর দশকের মাঝামাঝি সময় থেকে। ২০১৬ সালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি হয়, এমনকি ২০১৭ সালে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয়— সব মিলিয়ে তখন বড় ধরনের প্রত্যাশা তৈরি হয়।

কিন্তু সেই সময় বাস্তবে চালু হয় কেবল Xoom— যা পেপালের একটি সহায়ক সেবা। ২০১৭ সালের ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে PayPal Xoom সেবা। ওই দিন তৎকালীন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রাজধানীর এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন ঘোষণা করেন। এটি দিয়ে প্রবাসীরা বাংলাদেশে অর্থ পাঠাতে পারলেও ফ্রিল্যান্সারদের আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণ বা অনলাইন ব্যবসার পূর্ণাঙ্গ সুবিধা কখনোই চালু হয়নি।

পরবর্তী সময়ে ২০২১ সালেও পেপাল চালুর ঘোষণা আসে। বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায় থেকে সময়সীমাও নির্ধারণ করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ফলে ফ্রিল্যান্সারদের কাছে “পেপাল আসছে”— এটি এক ধরনের পুনরাবৃত্ত প্রতিশ্রুতিতে পরিণত হয়।

অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির জন্য পেপাল শুধু একটি পেমেন্ট প্ল্যাটফর্ম নয়— এটি বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। তারা বলছেন এবারের উদ্যোগ সফল হলে— বাংলাদেশের ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও ডিজিটাল অর্থনীতির জন্য এটি হতে পারে একটি যুগান্তকারী পরিবর্তন।

কেন বারবার থেমে গেছে উদ্যোগ?

বাংলাদেশে বহুল আলোচিত আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম PayPal দীর্ঘদিন ধরেই চালুর আলোচনা থাকলেও বাস্তবে তা কার্যকর হয়নি।

বাংলাদেশে পেপাল চালু না হওয়ার কারণগুলো কেবল প্রযুক্তিগত নয়; বরং এটি একটি জটিল নীতিগত, আর্থিক ও আন্তর্জাতিক কাঠামোর সঙ্গে জড়িত। এ নিয়ে নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ ও আর্থিক খাত সংশ্লিষ্টদের মধ্যে নানা ব্যাখ্যা রয়েছে। বিশ্লেষণে দেখা যায়, একাধিক প্রত্যক্ষ ও পরোক্ষ কারণের সমন্বয়েই পেপ্যালের কার্যক্রম দেশে চালু করা সম্ভব হয়নি।

বিশেষজ্ঞদের মতে, প্রধান বাধাগুলোর একটি হলো দেশের আর্থিক লেনদেন ব্যবস্থায় পূর্ণাঙ্গ ‘ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট’ কাঠামোর অভাব। অনলাইনে প্রতারণা বা আর্থিক জালিয়াতির ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রতিকার দেওয়ার মতো ২৪ ঘণ্টার কোনো কেন্দ্রীয় সাপোর্ট সিস্টেম এখনও গড়ে ওঠেনি। ফলে আন্তর্জাতিক মানের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা অনুপস্থিত রয়ে গেছে।

এছাড়া, ব্যবহারকারীদের নির্ভরযোগ্য পরিচয় ও ঠিকানা যাচাইকরণ (কেওয়াইসি ও অ্যাড্রেস ভেরিফিকেশন) ব্যবস্থার দুর্বলতাও বড় প্রতিবন্ধকতা হিসেবে বিবেচিত হচ্ছে। পেপ্যালের মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীর তথ্য যাচাইয়ের ওপর অত্যন্ত নির্ভরশীল হওয়ায় এই সীমাবদ্ধতা তাদের কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি করে।

পেপ্যালের ব্যবসায়িক কাঠামোও এখানে গুরুত্বপূর্ণ বিষয়। এটি কেবল একটি পেমেন্ট গেটওয়ে নয়, বরং দ্বিমুখী লেনদেননির্ভর একটি পূর্ণাঙ্গ ডিজিটাল মার্কেটপ্লেস। কিন্তু বাংলাদেশে বৈদেশিক মুদ্রা লেনদেন দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রিত ও অনেকাংশে একমুখী (ইনওয়ার্ড রেমিট্যান্সনির্ভর) থাকায় এই প্ল্যাটফর্মের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা কঠিন হয়ে পড়েছে।

নিয়ন্ত্রক দিক থেকেও রয়েছে সীমাবদ্ধতা। বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনে দীর্ঘদিন ধরে কঠোর নীতি অনুসরণ করে আসছে। পেপ্যাল চালুর জন্য প্রয়োজন অবাধ অর্থপ্রবাহ—অর্থাৎ টাকা আসা-যাওয়ার স্বাধীনতা (inflow ও outflow)—যা বর্তমান কাঠামোয় সীমিত।

পরোক্ষ কারণগুলোর মধ্যে আন্তর্জাতিক সমন্বয়ের ঘাটতিও উল্লেখযোগ্য। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশ থেকে পেপ্যাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের অনেক উদ্যোগ ভারতের আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হয়। এতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ধীরগতির হয়ে পড়ে এবং প্রত্যাশিত অগ্রগতি ব্যাহত হয়।

সব মিলিয়ে দেখা যাচ্ছে, পেপ্যাল চালুর ক্ষেত্রে শুধু প্রযুক্তিগত প্রস্তুতিই নয়, বরং নীতিগত সংস্কার, আর্থিক নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সমন্বয় জোরদার করা জরুরি। যদিও সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপর্যায়ে একাধিকবার আগ্রহ প্রকাশ করা হয়েছে, তবুও এসব মৌলিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে না পারায় কাঙ্ক্ষিত অগ্রগতি এখনও অধরাই রয়ে গেছে।

নতুন করে আশার আলো যেখান থেকে

২০২৫ সালের শেষভাগ থেকে পরিস্থিতিতে কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর ঘোষণা দেন—পেপাল বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহী। পরবর্তীতে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় এসে সরকার, ব্যাংকার এবং আইসিটি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে।

২০২৬ সালের শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানান, পেপাল “নীতিগতভাবে আগ্রহী”, তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। অর্থাৎ তাৎক্ষণিক চালুর সম্ভাবনা না থাকলেও আলোচনার গতি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। এবার সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় ঘোষণা বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে।

নতুন বাস্তবতা: কেন এবার ভিন্ন?

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালে ২০২৫ সালের পর থেকে পরিস্থিতিতে কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত, ২০২৫ সালের ডিসেম্বরে সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর ঘোষণা দেন যে পেপাল বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী। তিনি বলেছিলেন, মূলত ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা ও আইটি খাতে সহজ লেনদেন নিশ্চিত করতেই পেপাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ওই সময় পেপালের দক্ষিণ এশিয়া (সিঙ্গাপুরভিত্তিক) টিম বাংলাদেশের ফ্রিল্যান্সার ও আইসিটি বিভাগের সঙ্গে বৈঠকও করেছিল।

দ্বিতীয়ত, পেপালের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় এসে সরকার, ব্যাংকার এবং আইসিটি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে—যা অতীতে খুব কমই ঘটেছে।

তৃতীয়ত, চলতি বছরের শুরুতে তৎকালীন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী স্পষ্টভাবে বলেন—পেপাল “নীতিগতভাবে আগ্রহী”, যদিও এটি একটি দীর্ঘ প্রক্রিয়া।

চতুর্থত, ডিজিটাল অর্থনীতির বিস্তার এবং ফ্রিল্যান্সিং খাতের দ্রুত বৃদ্ধি—এই দুইটি বিষয় পেপালের মতো প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে তুলেছে।

বাস্তবায়নের ঘোষণা ইশতেহারে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক ঘোষণার মাধ্যমে বিষয়টি আবারও রাজনৈতিক অগ্রাধিকার পেয়েছে। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী ইশতেহারে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম, যেমন- পেপাল—চালুর উদ্যোগ নেওয়ার ঘোষণা দেয়।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপালের কার্যক্রম শুরু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোর কার্যকর পরিচালনা এবং দেশে পেপালের কার্যক্রম চালু করতে ইতোমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে।

অর্থাৎ সরকার জানিয়েছে— পেপাল চালুর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, হাই-টেক পার্ক ও আইসিটি অবকাঠামোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে, আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর পরিবেশ তৈরির কাজ চলছে। এটি ইঙ্গিত দেয় যে বিষয়টি এখন আর কেবল আলোচনার পর্যায়ে নেই; বরং বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে।

তাহলে কি এবার সত্যিই আসছে?

সবকিছু বিবেচনায় নিয়ে বলা যায়—বাংলাদেশে পেপাল চালুর সম্ভাবনা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি বাস্তবসম্মত। কারণ সরকার সরাসরি উদ্যোগ নিয়েছেকেন্দ্রীয় ব্যাংকের অবস্থান তুলনামূলক ইতিবাচক। পেপালের উচ্চপর্যায়ের আগ্রহ রয়েছে। ডিজিটাল অর্থনীতির প্রয়োজনীয়তা বেড়েছে।

কারা সবচেয়ে বেশি উপকৃত হবে?

পেপাল চালু হলে বাংলাদেশের অর্থনীতিতে বহুমাত্রিক প্রভাব পড়তে পারে। পেপাল চালু হলে সবচেয়ে বড় পরিবর্তন আসবে তিনটি খাতে:

ফ্রিল্যান্সার ও আউটসোর্সিং খাত

বর্তমানে অনেক ফ্রিল্যান্সার পেমেন্ট পেতে বিকল্প ও ব্যয়বহুল পদ্ধতির ওপর নির্ভর করেন। পেপাল চালু হলে দ্রুত, নিরাপদ ও সরাসরি পেমেন্ট গ্রহণ সম্ভব হবে। উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম বড় ফ্রিল্যান্সিং বাজার। কিন্তু পেমেন্ট জটিলতার কারণে অনেকেই আয়ের পূর্ণ সুবিধা পান না। পেপাল চালু হলে এই বাধা দূর হবে।

ই-কমার্স ও ক্ষুদ্র উদ্যোক্তা

ছোট উদ্যোক্তারা সহজেই আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রি করে অর্থ দেশে আনতে পারবেন।

রেমিট্যান্স প্রবাহ

প্রবাসীরা সহজে অর্থ পাঠাতে পারলে আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স বাড়তে পারে।

ডিজিটাল অর্থনীতির গতি বৃদ্ধি

ক্যাশলেস ট্রানজেকশন, অনলাইন ব্যবসা ও স্টার্টআপ ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে।

বাস্তবতা বনাম প্রত্যাশা

তবে বাস্তবতা হচ্ছে— পেপাল চালু করা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং একটি জটিল আর্থিক ও প্রযুক্তিগত প্রক্রিয়া। পেপাল নিজস্ব ঝুঁকি মূল্যায়ন, নিয়ন্ত্রক পরিবেশ, বাজার সম্ভাবনা এবং নিরাপত্তা অবকাঠামো যাচাই করে সিদ্ধান্ত নেয়। ফলে একটি কমিটি গঠন বা আগ্রহ প্রকাশ—এই দুটি ধাপের পরও বাস্তবায়নে সময় লাগবে।

Ads small one

জলবায়ু ন্যায়বিচারের দাবি তুলে ধরতে কপ-৩১ সম্মেলনে অংশ নিচ্ছে লিডার্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
জলবায়ু ন্যায়বিচারের দাবি তুলে ধরতে কপ-৩১ সম্মেলনে অংশ নিচ্ছে লিডার্স

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত সংকট, স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা এবং জলবায়ু ন্যায়বিচারের দাবি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স)।

আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য এ সম্মেলনে লিডার্সের তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে। প্রতিনিধিদলে রয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, পরিচালক (কর্মসূচি) এ বি এম জাকারিয়া এবং প্রকল্প কর্মকর্তা ইভানা আফরিন। সম্মেলনে তাঁরা বিভিন্ন আন্তর্জাতিক আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, অভিযোজন কৌশল, স্থানীয় নেতৃত্বে জলবায়ু কার্যক্রম, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং টেকসই কৃষি ও খাদ্যব্যবস্থার রূপান্তরে লিডার্সের অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই এ অংশগ্রহণের অন্যতম উদ্দেশ্য।

সম্মেলনের মূল প্রাঙ্গণে ৯ থেকে ১৪ নভেম্বর প্রদর্শনী বুথ নম্বর ২০-এ লিডার্সের বিভিন্ন কার্যক্রম, উদ্ভাবনী উদ্যোগ, স্থানীয় পর্যায়ের অভিযোজন মডেল ও অর্জিত অভিজ্ঞতা তুলে ধরা হবে। এর মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গবেষক, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

সম্মেলনে লিডার্সের অন্যতম গুরুত্বপূর্ণ অংশগ্রহণ হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) আনুষ্ঠানিক পার্শ্ব-আয়োজনে।

আগামী ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত জেরজেভান পার্শ্ব-আয়োজন কক্ষ ৩-এ ‘কৃষি ও খাদ্যব্যবস্থার রূপান্তর’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা সিজিআইএআর, সলিডারিডাড ও লিডার্স যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে। এতে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল আলোচক হিসেবে অংশ নেবেন।

আলোচনায় জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কৃষি ও খাদ্যব্যবস্থার রূপান্তর, টেকসই কৃষি, স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন এবং সবার জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

এ ছাড়া ১৯ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ প্যাভিলিয়নে ‘স্থানীয় নেতৃত্বে অভিযোজন কার্যক্রম: জনগোষ্ঠীর অগ্রাধিকারের সঙ্গে নীতি ও অর্থায়নের সংযোগ’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। লিডার্স, ন্যাকম, আইসিআইএমওডি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে। এতে স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও অভিজ্ঞতার সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক নীতি, পরিকল্পনা এবং জলবায়ু অর্থায়নের কার্যকর সংযোগ প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে।

সম্মেলন চলাকালে লিডার্সের প্রতিনিধিদল বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবে। এসব বৈঠকে জলবায়ু অভিযোজন, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা, জীববৈচিত্র্য সংরক্ষণ, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার, সমুদ্র ও উপকূলীয় পরিবেশে কার্বন সংরক্ষণ, টেকসই জীবিকা এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, লিডার্স দীর্ঘদিন ধরে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপদ পানির ব্যবস্থা, টেকসই জীবিকা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে। পানি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংস্থাটি ২০২৩ সালে মর্যাদাপূর্ণ জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কার অর্জন করে।

এ বিষয়ে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করেন উপকূলীয় ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। অথচ জলবায়ু নীতি ও অর্থায়ন বিষয়ে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাঁদের অভিজ্ঞতা ও অগ্রাধিকার সবসময় যথাযথ গুরুত্ব পায় না। আমরা কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা, স্থানীয় পর্যায়ের অভিযোজন উদ্যোগ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবি তুলে ধরতে চাই। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে চাই।’

লিডার্সের প্রত্যাশা, কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও দাবি আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বাস্তবায়িত অভিযোজন উদ্যোগগুলোকে বৈশ্বিক সহযোগিতা ও জলবায়ু অর্থায়নের সঙ্গে যুক্ত করার নতুন সম্ভাবনা তৈরি হবে।

লবণাক্ততার সঙ্গে লড়াই: সাতক্ষীরার নারীদের হাতে বদলাচ্ছে উপকূলের কৃষি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
লবণাক্ততার সঙ্গে লড়াই: সাতক্ষীরার নারীদের হাতে বদলাচ্ছে উপকূলের কৃষি

তারিক ইসলাম

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সাতক্ষীরার উপকূলীয় জীবনযাত্রা দিন দিন আরও চ্যালেঞ্জিং হয়ে উঠছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের পাশাপাশি মাটির অতিরিক্ত লবণাক্ততা এ অঞ্চলের প্রচলিত কৃষিকে একসময় প্রায় অনিশ্চিত করে তুলেছিল। বছরের পর বছর লোনাপানির প্রভাবে উর্বর জমিগুলো হারিয়েছে উৎপাদনক্ষমতা। তবে জীবিকার তাগিদ এবং প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকার অদম্য প্রচেষ্টা অনেক পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের অগ্রভাগে রয়েছেন সাতক্ষীরার উপকূলীয় এলাকার প্রান্তিক নারীরা।

একসময় উপকূলীয় এলাকার বসতভিটার চারপাশে লবণাক্ততার কারণে চারাগাছ বাঁচিয়ে রাখাই ছিল কঠিন। শাকসবজি তো দূরের কথা, লোনাপানির প্রভাবে অনেক গাছপালাও টিকতে পারত না। তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলাতে শুরু করেছে। কৃষি বিভাগ ও স্থানীয় উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহযোগিতাকে কাজে লাগিয়ে নারীরা এখন বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন।

এই পরিবর্তনের পেছনে রয়েছে জলবায়ুসহিষ্ণু কৃষিপদ্ধতির প্রয়োগ। বৃষ্টির পানি সংরক্ষণ, উঁচু বেড তৈরি করে চাষাবাদ, মাচা পদ্ধতি ও মালচিং প্রযুক্তির ব্যবহার লবণাক্ততার প্রভাব মোকাবিলায় সহায়ক হচ্ছে। এসব পদ্ধতি কাজে লাগিয়ে উৎপাদিত হচ্ছে বেগুন, ঢ্যাঁড়স, লাউ, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন ধরনের পুষ্টিকর সবজি।

এই উদ্যোগের সামাজিক ও অর্থনৈতিক প্রভাবও গুরুত্বপূর্ণ। যে নারীরা একসময় পরিবারের খাদ্যনিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় ভুগতেন, তাঁদের অনেকেই এখন বসতভিটার সামান্য জায়গায় সবজি উৎপাদন করে পরিবারের চাহিদা মেটাচ্ছেন। কোনো কোনো পরিবার উদ্বৃত্ত সবজি স্থানীয় বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করছে। এতে একদিকে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ ও আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরি হচ্ছে। তাঁদের এই উদ্যোগ প্রমাণ করছে, সঠিক জ্ঞান, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা পেলে প্রতিকূল পরিবেশেও কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করা সম্ভব।

সাতক্ষীরার উপকূলীয় নারীদের এই উদ্যোগ শুধু ব্যক্তিগত বা পারিবারিক স্বাবলম্বিতার উদাহরণ নয়; এটি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার (অভিযোজন) একটি কার্যকর দৃষ্টান্ত। উপকূলীয় কৃষিকে টেকসই করতে হলে তাঁদের এ উদ্যোগের পরিধি আরও বাড়াতে হবে। এ জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে সহজ শর্তে ঋণ, মানসম্মত কৃষি উপকরণ, বীজ, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা এবং হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়ানো প্রয়োজন। পাশাপাশি উৎপাদিত সবজি বাজারজাতকরণেও সহযোগিতা নিশ্চিত করতে হবে।

প্রকৃতির বৈরিতা ও লবণাক্ত মাটির সঙ্গে লড়াই করে সাতক্ষীরার নারীরা যে সবুজ সম্ভাবনার সূচনা করেছেন, তা উপকূলীয় কৃষির জন্য আশাব্যঞ্জক। যথাযথ নীতিগত সহায়তা, প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে তাঁদের এই উদ্যোগ উপকূলীয় অর্থনীতি, পারিবারিক পুষ্টি ও খাদ্যনিরাপত্তায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

লেখক: তারিক ইসলাম, সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। পত্রদূত অনলাইন এবং পত্রদূত- এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

সাতক্ষীরায় ১৭ বিজিবির অভিযানে হেরোইন ও কাঁচামাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ১৭ বিজিবির অভিযানে হেরোইন ও কাঁচামাল জব্দ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় ১৭ বিজিবির পৃথক দুটি অভিযানে ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ভারতীয় হেরোইন ও হেরোইন তৈরির রাসায়নিক কাঁচামাল জব্দ করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে জব্দ করা পদার্থগুলোর পরিচয় নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাখরা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকার শাখরা ব্রিজসংলগ্ন বাঁশবাগানে অভিযান চালায়। এ সময় হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত ভারতীয় ‘মার্টিনি ড্রাগস’ লেখা ২০০ মিলিলিটারের পাঁচটি বোতল জব্দ করা হয়। এসব কাঁচামালের আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা।

এর দুই দিন পর, ৫ নভেম্বর শাখরা বিওপির কুলিয়া রোডের ঋষিপাড়া বড় বাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ৬৬ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়। জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৩২ হাজার টাকা।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান, পৃথক দুটি অভিযানে সর্বমোট ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে জব্দ করা পদার্থগুলো মাদক ও মাদক তৈরির নিষিদ্ধ উপাদান হিসেবে শনাক্ত করা হয়।