শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

আন্তর্জাতিক রিটেইনার দিবস: সুন্দর হাসির স্থায়ী অঙ্গীকার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
আন্তর্জাতিক রিটেইনার দিবস: সুন্দর হাসির স্থায়ী অঙ্গীকার

সাকিবুর রহমান বাবলা

প্রতি বছর ১৯ জুলাই পালিত হয় আন্তর্জাতিক রিটেইনার দিবস (International Retainer Day)। দাঁত সোজা করার দীর্ঘ ও শ্রমসাধ্য অর্থোডন্টিক চিকিৎসার পর সেই অর্জিত সুন্দর হাসি ও দাঁতের সুবিন্যস্ত অবস্থান ধরে রাখতে রিটেইনারের গুরুত্ব অপরিসীম। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটি কেবল নান্দনিকতার বিষয় নয়, বরং মৌখিক স্বাস্থ্য ও শারীরিক সুস্থতার অবিচ্ছেদ্য অংশ।

আমাদের মুখগহ্বর হলো শরীরের প্রবেশদ্বার। মানুষের ৩২টি স্থায়ী দাঁত-ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার ও মোলার-প্রতিটিই নিজস্ব গঠন ও কাজের মাধ্যমে আমাদের খাদ্য গ্রহণ, স্পষ্ট উচ্চারণ এবং সুন্দর হাসির ভিত্তি তৈরি করে। দাঁতের সঠিক বিন্যাস কেবল আত্মবিশ্বাসই বাড়ায় না, বরং এটি খাবার চিবানোর কার্যকারিতা বাড়িয়ে হজম প্রক্রিয়াকেও সহায়তা করে। যখন কোনো ব্যক্তি ব্রেস বা অ্যালাইনারের মাধ্যমে আঁকাবাঁকা দাঁত সোজা করেন, তখন মূলত তিনি নিজের মুখের গঠন ও স্বাস্থ্যের পুনর্বিন্যাস করেন।

অর্থোডন্টিক চিকিৎসার পর দাঁত যখন নতুন অবস্থানে আসে, তখন তার চারপাশের হাড় ও লিগামেন্টগুলোকে সেই অবস্থানের সাথে খাপ খাইয়ে নিতে সময়ের প্রয়োজন হয়। রিটেইনার ছাড়া দাঁত পুনরায় তার আগের এলোমেলো অবস্থানে ফিরে যেতে চায়, যা চিকিৎসাবিজ্ঞানে ‘রিল্যাপস’ নামে পরিচিত। এই রিল্যাপস রোধে রিটেইনারের ভূমিকা অপরিসীম—তা রিমুভেবল হোক বা স্থায়ী। দাঁতকে কাঙ্ক্ষিত অবস্থানে স্থায়ীভাবে স্থিতিশীল রাখতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত এর ব্যবহার অপরিহার্য।

সুন্দর ও দীর্ঘস্থায়ী হাসি ধরে রাখতে রিটেইনারের সঠিক যতœ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী নিয়মিত রিটেইনার ব্যবহার করুন। খাবার বা পানীয় গ্রহণের সময় (পানি ছাড়া) এটি খুলে রাখা উচিত। প্রতিদিন নরম ব্রাশ ও ঠান্ডা পানি দিয়ে এটি পরিষ্কার করতে হবে, তবে গরম পানি পরিহার করতে হবে যেন রিটেইনারের গঠন বিকৃত না হয়। রিটেইনার ব্যবহারের বাইরে এটি বক্সে সুরক্ষিত রাখতে হবে।

আন্তর্জাতিক রিটেইনার দিবস দাঁতের চিকিৎসার ফল দীর্ঘমেয়াদে ধরে রাখার গুরুত্ব তুলে ধরে। বাংলাদেশে ব্রেসেস, রুট ক্যানেল ও ইমপ্লান্টের মতো আধুনিক দন্তচিকিৎসা জনপ্রিয় হলেও অনেক মানুষ এখনও নিয়মিত চেক-আপের বদলে ব্যথা হলে চিকিৎসকের কাছে যান। দাঁত সোজা করার পর রিটেইনারের নিয়মিত ব্যবহার এবং দন্ত চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি। পাশাপাশি পান-সুপারি, জর্দা ও ধূমপান বর্জন করলে দীর্ঘমেয়াদে সুস্থ দাঁত ও সুন্দর হাসি বজায় রাখা সম্ভব। তাই দিবসটি চিকিৎসার পাশাপাশি দন্তস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

১৯ জুলাই আন্তর্জাতিক রিটেইনার দিবস; অর্থোডন্টিক চিকিৎসার সাফল্য কেবল চিকিৎসকের দক্ষতায় নয়, বরং আপনার নিয়মিত সচেতনতা ও যতেœর ওপরই নির্ভর করে। নিজের হাসির বিনিয়োগকে সুরক্ষিত রাখতে এবং ব্যক্তিত্বের প্রতিফলন বজায় রাখতে রিটেইনার ব্যবহারের আগ্রহী হউন-কেননা “আজকের সচেতনতা ও নিয়মিত যতœই আগামী দিনের সুন্দর ও সুস্থ হাসির ভিত্তি গড়ে তোলে।”

 

Ads small one

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গার মুচির কোনা এলাকায় খোলপেটুয়া নদীর উপকূলীয় ওয়াপদা বেড়িবাঁধে ধস নেমেছে। খবর পেয়ে দ্রুত জিওটিউব ফেলে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান, দুপুরে বেড়িবাঁধের আনুমানিক ৩০০ ফুট ধসে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ না হলে জোয়ারের পানি ঢুকে খাজরা ও বড়দল ইউনিয়নের ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাউবোকে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।