দক্ষিণ পলাশপোলে ব্যবসায়ীর বাড়িতে চুরি, ৩৭ লাখ টাকা খোয়ানোর অভিযোগ
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা শহরের দক্ষিণ পলাশপোল এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (১৫ জুলাই) রাতের এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল ইসলাম লিখিত অভিযোগে উল্লেখ করেন, ১৫ জুলাই রাত আনুমানিক ১১টার পর দুর্বৃত্তরা তাঁর বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা আলমারিতে থাকা নগদ ৭ লাখ টাকা এবং আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, এই ঘটনার পর আর্থিকভাবে চরম ক্ষতির পাশাপাশি তাঁর পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সদর থানার পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।









