আর কতকাল!
আবুল কাসেম
এই তো সেদিন, তাও শতবছর হবে
সাদা চামড়ার বেজন্মা খাদকেরা শুধু খায়
প্রিয় জন্মভূমির হাড় খায়,মাংস খায় সাথে
হাজার বছরের গৌরবও খায়
উত্তোলিত আঙ্গুলের বদলে খায় হৃদপিন্ড
এরপর যেই এসেছে,সেই খেয়েছে
ওরা গণতন্ত্র খেয়েছে, ন্যায্যতা খেয়েছে
ভিখেরির ভিখও খেয়েছে
এইতো সেদিন, তাও অর্ধশতবছর হবে
ব্যবসা শুরু হলো মহাতল্লাটে
নীতির রাজা রাতারাতি পড়ে গেল রীতিবিভ্রাটে
ব্যবসা শুরু হলো মহাউল্লাসে
ঈশ্বরের আসনে বসে গেল ধর্মাবতার
আকাশচ্যুত হয়ে চিরঘুমে নিভে গেল
সুরেলা গান-দ্রোহ-মানবতার জয়গান
সেই আকাশে গিজগিজিয়ে ঠেলে উঠল হাজারো চিল
ছোঁ মেরে কেড়ে নিল
হাজার বছরের রীতি-নীতি-অভ্যাস
ফুঁ দিয়ে গেঁথে দিল
শয়তানের মাথা আর জোড়া জোড়া অন্ধ চোখ
আর কতকাল
খালি পেটে কষ্ট পাবে নিরুত্তাপ ত্যাগী
আর কতকাল
পাপীর বিচারে নিস্পাপ হবে দাগি












