আশাশুনিতে জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আশরাফ আলী।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব জাকির হোসেন বাবু, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম ও আরডিও আবুল কালাম। সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন আব্দুর রাজ্জাক, মিনতি সরকার, তারক চন্দ্র মণ্ডল, তাপসী রানী অধিকারী ও মনীন্দ্রনাথ মণ্ডল।









