আশাশুনিতে বিশ্ব সাদা ছড়ি দিবস উদযাপিত
আশাশুনি প্রতিনিধি: ‘দৃষ্টি যেখানে সীমাবদ্ধ, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে বিশ্ব সাদা ছড়ি দিবস উদযাপিত হয়েছে। আশাশুনি বিআরডিবি মিলনায়তনে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে র্যালি শুরু হয়ে বিআরডিবি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
বিআরডিবি হলরুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি কর্মকর্তা আবুল কালাম আজাদ ও বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা। সিবিআর অফিসার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় বিশ্ব সাদা ছড়ি দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী মিহির কুমার দাশ।
আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে প্রকল্পের এবং আশাশুনি উপজেলার দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে চলাচল এবং বিভিন্ন কার্যক্রমে সুযোগ প্রদানের উদ্দেশ্যে বক্তব্য দেন। অনুষ্ঠানে দুজন দৃষ্টিপ্রতিবন্ধী যুবককে সাদা ছড়ি প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা। এ ছাড়া সকলের উদ্দেশে ভিডিও চিত্রের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরাও যে কিছু করতে পারে, তা প্রদর্শন করা হয়।












