বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

আশাশুনির আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের নানা উদ্যোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
আশাশুনির আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের নানা উদ্যোগ

বিএম আলাউদ্দীন, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে থানা পুলিশ। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে রাতের টহল জোরদার, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং অপরাধ দমনে নজরদারি বাড়ানো হয়েছে।

উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় তিন লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ওসি শাহিদুর রহমান পুলিশ পরিদর্শক (তদন্ত), উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই) ও কনস্টেবলদের সমন্বয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছেন।

এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় রাতের টহল বাড়ানো হয়েছে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান ও চেকপোস্ট পরিচালনা, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালানো হচ্ছে। পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

অভিযানের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ ও জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মতবিনিময় সভা, সচেতনতামূলক প্রচারণা এবং মসজিদ-মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।

সম্প্রতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষেও উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আনসার-ভিডিপি সদস্য, রাজনৈতিক নেতাকর্মী ও ধর্মীয় নেতাদের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়। বিজয়া দশমীতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় হাজার হাজার দর্শকের সমাগম হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

স্থানীয়দের মতে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত তৎপরতা ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে। তাঁরা এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন।

Ads small one

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভ করা এই ৭ মুসলিম কারা?

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভ করা এই ৭ মুসলিম কারা?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসে বিপুল সাফল্য পেয়েছেন অন্তত সাতজন মুসলিম আইনপ্রণেতা। নাগরিক অধিকার, স্বাস্থ্যসেবা ও পররাষ্ট্রনীতির ওপর জোর দিয়ে বিজয়ী হওয়া এই আইনপ্রণেতাদের মাধ্যমে সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষেই মুসলিমদের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলো। এই নির্বাচনের মাধ্যমে ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এসেছে এবং রিপাবলিকানদের হারিয়ে ডেমোক্র্যাটরা দুই কক্ষেরই নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে।

নবাগত ও পূর্বে নির্বাচিত এসব মুসলিম আইনপ্রণেতাদের অনেকেই গাজায় চলমান গণহত্যার মধ্যে আন্তর্জাতিক আইনি মান বজায় রাখা, মানবিক সহায়তা প্রদান এবং ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের শর্তহীন সামরিক সহায়তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

সিনেট ও হাউসে তিন প্রার্থীর ঐতিহাসিক প্রথম জয়

 

আবদুল এল-সাইয়েদ (মিশিগান): ৪২ বছর বয়সী এই ডেমোক্র্যাট সাবেক রিপাবলিকান প্রতিনিধি মাইক রজার্সকে হারিয়ে মার্কিন সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হওয়ার গৌরব অর্জন করেছেন। অবসরপ্রাপ্ত সিনেটর গ্যালি পিটার্সের আসনে জয়ী এই সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসক প্রচারাভিযানে ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের ধর্মীয় আক্রমণের শিকার হলেও জয় পান। তিনি গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করে ইসরায়েলে অস্ত্র পাঠানোর সমালোচনা করেন। ডেমোক্র্যাটিক প্রাথমিক নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হ্যালি স্টিভেন্স শেষ মুহূর্তে রজার্সকে সমর্থন দিলেও সাইয়েদ বড় জয় পান।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভ করা এই ৭ মুসলিম কারা?

আদম হামাভি (নিউ জার্সি): নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে ৫৬ বছর বয়সী এই ডেমোক্র্যাট রিপাবলিকান গ্রেগ মেলেকে পরাজিত করে রাজ্যটির প্রথম মুসলিম প্রতিনিধি হিসেবে কংগ্রেসে স্থান পান। তিনি একজন প্লাস্টিক সার্জন, অবসরপ্রাপ্ত সামরিক চিকিৎসক ও ইরাক যুদ্ধের প্রবীণ সেনা। ২০২৪ সালে তিনি গাজার ইউরোপীয় হাসপাতালে সেচ্ছাসেবক চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। সবার জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষার্থী ও চিকিৎসা ঋণ মওকুফ, আইসিই বিলুপ্তি ও ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের পক্ষে প্রচারণা চালান তিনি।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভ করা এই ৭ মুসলিম কারা?

দারিওলাইজা অ্যাভিলা শ্যাভালিয়ার (নিউ ইয়র্ক): জুনের প্রাথমিকে দীর্ঘদিন বিজয়ী প্রতিনিধি আদ্রিয়ানো এস্পাইলাতকে পরাজিত করার পর মূল নির্বাচনে ৮৫ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হন এই ডেমোক্র্যাট। তিনি একজন নাগরিক অধিকার বিষয়ক গবেষক, পিএইচডি শিক্ষার্থী এবং ইসলাম ধর্মে ধর্মান্তরিত ব্যক্তি। ফিলিস্তিনিদের অধিকার ও সমাজ গঠনে তিনি সোচ্চার ছিলেন।

 

পুনরায় নির্বাচিত হলেন আগের চার আইনপ্রণেতা

সিনেট ও প্রতিনিধি পরিষদে জয়ী চার বর্তমান মুসলিম সদস্য আগামী দুই বছরের মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত হয়েছেন:

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভ করা এই ৭ মুসলিম কারা?

রশিদা তালিব (মিশিগান): কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান সদস্য রশিদা তালিব রিপাবলিকান জেমস হুপারকে পরাজিত করে রাজ্যটির ১২তম আসন থেকে পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছেন।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভ করা এই ৭ মুসলিম কারা?

ইলহান ওমর (মিনেসোটা): মিনেসোটার ৫ম আসন থেকে রিপাবলিকান জন নাগেল ও স্বতন্ত্র প্রার্থী ডিভেল জ্যাকসনকে হারিয়ে পঞ্চমবারের মতো বিজয়ী হন দেশের প্রথম সোমালি-আমেরিকান প্রতিনিধি ইলহান ওমর।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভ করা এই ৭ মুসলিম কারা?

আন্দ্রে কার্সন (ইন্ডিয়ানা): ২০০৮ সাল থেকে দায়িত্ব পালন করা কার্সন প্রতিনিধি পরিষদের সবচেয়ে দীর্ঘমেয়াদি মুসলিম আইনপ্রণেতা। তিনি ইন্ডিয়ানাপোলিস-ভিত্তিক ৭ম আসনে রিপাবলিকান প্যাট্রিক ম্যাককলেইকে হারিয়ে পদ ধরে রেখেছেন।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভ করা এই ৭ মুসলিম কারা?

লতিফা সাইমন (ক্যালিফোর্নিয়া): ক্যালিফোর্নিয়ার ইস্ট বে অঞ্চলের ১২তম আসন থেকে সহকর্মী ডেমোক্র্যাট জেমি জয়েসকে হারিয়ে জয়ী হয়েছেন লতিফা সাইমন।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভ করা এই ৭ মুসলিম কারা?

এদিকে ক্যালিফোর্নিয়ার অপর একটি আসনে ভোট গণনা চলাকালীন সময়ে প্রাথমিক ফলে এগিয়ে রয়েছেন অপর মুসলিম প্রার্থী আয়েশা ওয়াহাব।

হামের টিকা কেনায় বিলম্ব ও অনিয়ম তদন্তে কমিশন গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
হামের টিকা কেনায় বিলম্ব ও অনিয়ম তদন্তে কমিশন গঠন

হামের টিকা সংগ্রহ ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। একই সঙ্গে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করা অন্তর্বর্তী সরকারের দায়দায়িত্বও নির্ধারণ করবে এই কমিশন।

বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিশনের সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হামের টিকা কেনা ও বিতরণে বিলম্বের কারণ অনুসন্ধান করবে কমিশন। এ ক্ষেত্রে কোনো অনিয়ম বা প্রশাসনিক ব্যর্থতা ছিল কি না, থাকলে এর সঙ্গে কারা জড়িত, তা-ও চিহ্নিত করা হবে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করবে কমিশন। এ ছাড়া কমিশন প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও সুপারিশ দিতে পারবে।

তদন্তের স্বার্থে কমিশনকে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। কমিশন দেশের যেকোনো স্থানে পরিদর্শন করতে পারবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব ও জিজ্ঞাসাবাদ করার ক্ষমতাও থাকবে।

প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিশনের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সাচিবিক ও অন্যান্য সহযোগিতা দেবে স্বাস্থ্যসেবা বিভাগ। তদন্তের ব্যয় নির্বাহ ও কার্যক্রমে সহায়তার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ কিংবা এর অধীনস্থ প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে।

৭ নভেম্বর উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
৭ নভেম্বর উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি করবে জেলা বিএনপি। বুধবার (৪ নভেম্বর) জেলা বিএনপির প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মসূচি অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহরের মোজাহারের পেট্রোল পাম্পের পাশে সদর-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ আবদুর রউফের মাইক্রো গ্যারেজ থেকে র‌্যালিটি শুরু হবে।

র‌্যালিতে জেলার সব উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের স্ব স্ব ব্যানার ও ফেস্টুনসহ অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ৮ নভেম্বর জেলার সব উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।

বুধবার জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক চিঠিতে এসব কর্মসূচির কথা জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তি